ব্যাংকিং সেবা সম্প্রসারণে মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখা চালু

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ জুন ২০২৬   প্রিন্ট  

ব্যাংকিং সেবা সম্প্রসারণে মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখা চালু

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর প্রশাসনিক ভবনের নিচতলায় ‘মেট্রোরেল ভবন উপশাখা’ নামে সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশের ক্রমবর্ধমান নগর পরিবহন খাতের সঙ্গে আধুনিক ব্যাংকিং সেবার সমন্বয় সাধনের লক্ষ্যে এই উপশাখা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. শওকত আলী খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। উদ্বোধনের মাধ্যমে মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা এবং স্থানীয় জনগণের জন্য আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার একটি নতুন দ্বার উন্মোচিত হলো।

উদ্বোধন উপলক্ষে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান, ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন চৌধুরী, পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প মেট্রোরেলের সঙ্গে ব্যাংকিং সেবার এই সংযুক্তি আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করবে। নতুন উপশাখাটি মেট্রোরেল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি বেতন-ভাতা পরিশোধ, সঞ্চয় কার্যক্রম, আমানত গ্রহণ, ঋণসুবিধা, ডিজিটাল ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে নতুন নতুন সেবা কেন্দ্র ও উপশাখা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মেট্রোরেল ভবনে নতুন এই উপশাখা চালুর ফলে সংশ্লিষ্ট গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও মানসম্পন্ন ব্যাংকিং সুবিধা পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা নতুন উপশাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং এর সফল পরিচালনা ও সার্বিক অগ্রগতি কামনা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সোনালী ব্যাংক ও ডিএমটিসিএলের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং এ উদ্যোগ দেশের আধুনিক নগর পরিবহন ব্যবস্থার সঙ্গে আর্থিক সেবার কার্যকর সমন্বয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Facebook Comments Box

Posted ০৪:৪৪ AM | শনিবার, ১৩ জুন ২০২৬

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#