| রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত
দেশের চতুর্থ প্রজন্মের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ডায়মন্ড লাইফের ৬০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে শ্রীলঙ্কার শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী সফটলজিক গ্রুপ। গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রায় ১দশমিক ৯ মিলিয়ন ডলারের (২৩.৪ কোটি টাকা) বিনিময়ে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ার কিনেছে।
গত ২ জুলাই শেয়ার বিনিময়ের এই প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে ডায়মন্ড লাইফের দায়িত্বশীল একটি সূত্র ব্যাংক বীমা অর্থনীতিকে নিশ্চিত করেছে।
এর আগে ১৮ জুন কলম্বো স্টক এক্সচেঞ্জে দাখিল করা তথ্যে শেয়ার অধিগ্রহণের জন্য শেয়ার ক্রয় চুক্তি স্বাক্ষরের কথা জানায় কোম্পানিটি।
ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ২০১৪ সালে ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধন এবং ১৮ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করে। কোম্পানিটির ২০২৫ সালে গ্রস প্রিমিয়াম আয় ছিল ২০ কোটি টাকার নিচে। একই সময়ে লাইফ ফান্ড ছিল ৩০ কোটি টাকার কম এবং অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ ছিল প্রায় দেড় কোটি টাকা।
এটি হবে বাংলাদেশের জীবন বীমা খাতে সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ।
সম্প্রতি সফটলজিক গ্রুপের চেয়ারম্যান অশোক পাথিরাজ গণমাধ্যমকে জানান, বাংলাদেশের জনমিতিক সুবিধা, ক্রমবর্ধমান ভোক্তা শ্রেণি এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দেশটির বাজারে প্রবেশের এটাই উপযুক্ত সময়।
আগে থেকেই বীমা ব্যবসায় অভিজ্ঞ সফটলজিক:
শ্রীলঙ্কায় সফটলজিক গ্রুপের নিজস্ব জীবন বীমা প্রতিষ্ঠান সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রয়েছে। দেশটির বীমা বাজারে প্রতিষ্ঠানটি একটি পরিচিত নাম।
বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে সফটলজিক লাইফ ইন্স্যুরেন্সের একটি প্রতিনিধিদল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সঙ্গে সাক্ষাৎ করে। সফটলজিক লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের জীবন বীমা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়।
বিদেশি অংশগ্রহণ এখনও সীমিত: বাংলাদেশের জীবন বীমা খাতে বিদেশি অংশগ্রহণ এখনও খুবই সীমিত। বর্তমানে উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ রয়েছে দুটি প্রতিষ্ঠানে।
এর একটি হলো মেটলাইফ বাংলাদেশ, যা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বীমা প্রতিষ্ঠান মেটলাইফের অংশ। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় ১৯৫২ সালে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (অ্যালিকো) নামে। ২০১০ সালে মেটলাইফ অধিগ্রহণের পর এটি ‘মেটলাইফ অ্যালিকো’ এবং পরে শুধু ‘মেটলাইফ’ নামে পরিচিতি পায়। বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ১০ লাখের বেশি।
অন্যদিকে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ ভারতের রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (এলআইসি), এসইএমএল গ্রুপ এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগে ২০১৬ সালে কার্যক্রম শুরু করে।
কেন গুরুত্বপূর্ণ এই বিনিয়োগ: বীমা খাতসংশ্লিষ্টদের মতে, সফটলজিকের বিনিয়োগ বাংলাদেশের জীবন বীমা খাতের জন্য ইতিবাচক বার্তা । বিদেশি মূলধনের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবস্থাপনা দক্ষতা, প্রযুক্তি, পণ্য উদ্ভাবন এবং গ্রাহকসেবা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বাজারে প্রতিযোগিতা বাড়বে, যা শেষ পর্যন্ত গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
এশিয়ার বীমা বাজারে দ্রুত প্রবৃদ্ধি: বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান মার্কেট ডাটা ফোরকাস্ট এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বীমা বাজারের আকার প্রায় ৩ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ লাখ কোটি টাকার সমান।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩৪ সাল পর্যন্ত এ অঞ্চলের বীমা বাজার গড়ে বছরে ১৫ দশমিক ৬ শতাংশ হারে সম্প্রসারিত হবে। ফলে ২০৩৪ সালে বাজারের আকার দাঁড়াতে পারে প্রায় ৯ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।
বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যবিত্ত শ্রেণির বিস্তার, আয় বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির দ্রুত ব্যবহার এবং বীমা খাতের নীতিগত সংস্কার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার ধরণ বদলে দিচ্ছে। এর ফলে বীমা সুরক্ষার চাহিদাও বাড়ছে।
আঞ্চলিক প্রবণতাও বিদেশি বিনিয়োগের পক্ষে: সম্প্রতি ভারত সরকার বীমা খাতে ১০০ শতাংশ পর্যন্ত বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) অনুমোদন করেছে। ‘অটোমেটিক রুট’-এর আওতায় নেওয়া এ সিদ্ধান্ত দেশটির বীমা শিল্পে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার বীমা বাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের যে প্রবণতা তৈরি হয়েছে, সফটলজিকের সম্ভাব্য বিনিয়োগ তারই প্রতিফলন। আর বাংলাদেশের ক্ষেত্রে এটি বাস্তবায়িত হলে দীর্ঘদিন পর জীবন বীমা খাতে নতুন বিদেশি বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam