| রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
চলতি সপ্তাহে দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে
চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো ন্যাশনাল ফিড মিল লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ফিড মিল: কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামীকাল এজিএম আহ্বান করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০২০-২১ হিসাব বছরে ১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তাছাড়া ২০১৯-২০ হিসাব বছরে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক এবং ২০১৮-১৯ হিসাব বছরে ১ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। ২০১৭-২০১৮ হিসাব বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ১২ ফেব্রুয়ারি এজিএম আহ্বান করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে ন্যাশনাল ব্যাংকের সমন্বিত লোকসান হয়েছে ৪ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ১৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৩০ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকায়।
১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৩ হাজার ২১৯ কোটি ৭৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৭২ কোটি ৫৬ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০। এর মধ্যে ১৫ দশমিক ৫৩ শতাংশ রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩৯ দশমিক ৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৫ শতাংশ বিদেশী ও বাকি ৪৪ দশমিক ৫৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam