| মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | 156 বার পঠিত
প্রতিরক্ষা ক্রয়সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ চায় সেনা ইন্স্যুরেন্স
প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ সাধারণ বীমা কর্পোরেশনের পাশাপাশি সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে দেয়া যায় কি না; সে বিষয়ে মতামত চেয়ে অংশীজনদের কাছে চিঠি পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গত ২৫ মে আইডিআরএ’র উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে ১৫ কার্য দিবসের মধ্যে মতামত প্রদানের এই অনুরোধ জানানো হয়।
সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্টসহ নন লাইফ বীমা খাতের ১১ টি কোম্পানির মুখ্য নির্বাহীর কাছে মতামত চেয়ে এই চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংস্থার নন লাইফ বীমা পলিসি অবলিখন করার অনুমতি প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিকট আবেদন করা হয়েছে।
বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ধারা ১৬ (১) অনুযায়ী সরকারি সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি সংশ্লিষ্ট কোন ঝুঁকি বা দায় সম্পর্কিত সকল প্রকার নন-লাইফ বীমা ব্যবসা সাধারণ বীমা কর্পোরেশন ১০০% অবলিখন করে এর ৫০% নিজের নিকট রেখে অবশিষ্ট ৫০% সকল বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে সমহারে বণ্টনের বিষয়টি উল্লেখ রয়েছে। এই আইনের ১৬ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রয়োজনে এ সীমা পুনঃনির্ধারণ করতে পারবে মর্মে উল্লেখ রয়েছে।
বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ১৬(১) ধারায় বর্ণিত সরকারি সম্পত্তি সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক ১০০% অবলিখনের হার পরিবর্তন করে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ সাধারণ বীমা কর্পোরেশনের পাশাপাশি সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে প্রদান করা যায় কি না তদ্বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মতামত প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam