বীমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে জনতা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও বিনিয়োগকারীদের মোট ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে জনতা ইন্স্যুরেন্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
জনতা ইন্স্যুরেন্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৬ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ৯১২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৮৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।