| রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 183 বার পঠিত
নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্স থেকে সরে দাঁড়াল এইচএসবিসি
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ বৈশ্বিক ব্যাংকগুলোর জোট ‘নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্স’ (এনজেডবিএ) থেকে বেরিয়ে গেছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। এতে জলবায়ু ইস্যুতে ব্যাংকটির অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবাদী ও বিনিয়োগকারীরা। যদিও ব্যাংকটি বলছে, এ বিষয়ে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যেই জোটটি থেকে বেরিয়ে এসেছে এইচএসবিসি। খবর দ্য গার্ডিয়ান।
২০২১ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপির আওতায় যখন এনজেডবিএ গঠিত হয়, তখন শুরুতেই এতে যোগ দেয় এইচএসবিসি। ব্যাংকটির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোয়েল কুইন সে সময় বলেছিলেন, কার্বন নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি পরিমাপের জন্য একটি স্বচ্ছ ও শক্তিশালী কাঠামো তৈরি করা খুবই জরুরি। এ জোট তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কিন্তু সম্প্রতি ব্যাংকটি জানিয়েছে, তারা এখন নিজস্ব জলবায়ু পরিকল্পনা হালনাগাদ ও বাস্তবায়নের দিকে মনোযোগ দিচ্ছে এবং সে কারণেই এনজেডবিএ থেকে বেরিয়ে যাচ্ছে। এছাড়াও ২০৫০ সালের মধ্যে নিট কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতিতে ব্যাংকটি অটল আছে বলে দাবি করেছে এইচএসবিসি।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক পরিবর্তনও একটি বড় কারণ। ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই জলবায়ু ইস্যুতে অনেকটাই আগের অবস্থান থেকে সরে এসেছে তার প্রশাসন। এর প্রভাব পড়েছে ব্যাংক খাতেও। ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর যুক্তরাষ্ট্রের ছয়টি বড় ব্যাংক জোটটি থেকে বেরিয়ে গেছে। ব্যাংকগুলো হলো জেপি মরগান, সিটিগ্রুপ, ব্যাংক অব আমেরিকা, মরগান স্ট্যানলি, ওয়েলস ফার্গো ও গোল্ডম্যান স্যাকস।
এইচএসবিসির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক সংগঠন শেয়ারঅ্যাকশন। সংগঠনটি বলেছে, এতে ব্যাংকটির জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি এ সিদ্ধান্ত সরকার ও ব্যবসায়ীদের জন্যও নেতিবাচক বার্তা দিচ্ছে।
চলতি বছরের শুরুতে এইচএসবিসি তাদের জলবায়ু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য ২০ বছর পিছিয়ে দেয়। পাশাপাশি ব্যাংকটির সিইওর জন্য নির্ধারিত যে বোনাস পরিকল্পনায় পরিবেশবান্ধব কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়া হয়েছিল, সেটিও শিথিল করা হয়। এসব কারণে ব্যাংকটির জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রতিশ্রুতি নিয়ে বিনিয়োগকারী ও পরিবেশকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
পরিবেশবাদীরা বলছেন, এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগকে দুর্বল করে দিতে পারে এবং এ পথ অনুসরণ করে অন্য ব্যাংকগুলোরও জোট ত্যাগ করার ঝুঁকি রয়েছে। বর্তমানে বার্কলেজ, লয়েডস, ন্যাটওয়েস্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ন্যাশনওয়াইড এনজেডবিএর সদস্য হিসেবে রয়েছে।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam