| বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
ব্যাংকাস্যুরেন্স এজেন্ট হতে দিতে হবে ১১ তথ্য
ব্যাংকাস্যুরেন্সের করপোরেট এজেন্ট সনদ পেতে ১১ ধরনের তথ্য জমা দিতে হবে। এ নিয়ে একটি বিস্তারিত চেকলিস্ট প্রকাশ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)। সম্প্রতি সংস্থার উপপরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চেকলিস্টে বলা হয়েছে, করপোরেট এজেন্ট (ব্যাংকাস্যুরেন্স) নির্দেশিকা ২০২৩ অনুযায়ী কোনো ব্যাংক সর্বোচ্চ তিনটি নন-লাইফ বীমা কোম্পানির পণ্য বিক্রি করতে পারবে। এজন্য সনদ গ্রহণের সময় নির্দিষ্ট কিছু নথি ও প্রমাণপত্র দাখিল করতে হবে।
এরমধ্যে রয়েছে, করপোরেট এজেন্ট (ব্যাংকাস্যুরেন্স) লাইসেন্স ফি বাবদ পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট এবং মূসক ফি প্রদানের চালানের কপি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপত্রের অনুলিপি, ব্যাংক ও বীমা কোম্পানির মধ্যে সম্পাদিত খসড়া চুক্তিপত্র, ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সংক্রান্ত কার্যবিবরণী, পরিচালনা পর্ষদ অনুমোদিত ব্যাংকের নিজস্ব কোড অব কনডাক্ট, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত পৃথক ব্যাংকাস্যুরেন্স ইউনিট চালুর ঘোষণাপত্র, চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসারের যোগ্যতার প্রমাণপত্র, এ পদে নিয়োগ বা পদায়নের অফিস আদেশ, ব্যাংকাস্যুরেন্স ম্যানেজার/অফিসারের যোগ্যতার প্রমাণপত্র, নিয়োগ বা পদায়নের অফিস আদেশ এবং বীমা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের প্রমাণপত্র।
আইডিআরএ জানিয়েছে, এসব তথ্য জমা দেওয়ার মাধ্যমে ব্যাংকগুলো ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে। একই সঙ্গে গ্রাহক সুরক্ষাও আরও জোরদার হবে।
Posted ৫:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam