| বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল কমেছে
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭৯১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৬৮ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে তিন প্রান্তিকে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ৭৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা বা ৮ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৩ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ও ২ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
সোনালী লাইফের সার্ভিলেন্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭৫ লাখ। এর ৫৪ দশমিক ৮৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী দর ছিল ৭৩ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩৭ টাকা থেকে ৭৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
Posted ৪:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam