| রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 71 বার পঠিত
অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণয়ন করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশটি বিল আকারে জাতীয় সংসদে অনুমোদন পেয়েছে। তবে পাস হওয়া এ আইনে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে একীভূত বা দুর্বল হয়ে যাওয়া ব্যাংকের আগের শেয়ারহোল্ডারদের পুনরায় মালিকানা ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
নতুন সংযোজিত ১৮(ক) ধারায় বলা হয়েছে, বিদ্যমান অন্য কোনো আইন বা বিধান যাই থাকুক না কেন, ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় তালিকাভুক্ত হওয়ার আগে যেসব ব্যক্তি বা শেয়ারধারক ছিলেন, অথবা বাংলাদেশ ব্যাংকের কাছে যোগ্য বিবেচিত কোনো ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় পুনরায় গ্রহণের জন্য রেজোল্যুশন কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত শর্তসমূহ পূরণ করা বাধ্যতামূলক থাকবে।
শর্তাবলির মধ্যে রয়েছে—রেজোল্যুশন কার্যক্রম শুরুর আগে বা পরে সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রদান করা সব অর্থ পরিশোধ করে ব্যাংক ব্যবস্থাপনায় পুনরায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূলধন যোগানের মাধ্যমে বিদ্যমান ঘাটতি পূরণ করে আর্থিক ভিত্তি পুনর্গঠন, সরকার বা সংশ্লিষ্ট সংস্থার দেওয়া ঋণ, সুদ, ইকুইটি, গ্যারান্টি ও অন্যান্য আর্থিক সহায়তা সম্পূর্ণভাবে ফেরত দেওয়া। এছাড়া একীভূতকরণের আগে বা পরে থাকা আমানতকারী, পাওনাদার এবং তৃতীয় পক্ষের সকল বৈধ দাবি নিষ্পত্তি ও সরকারের কর এবং অন্যান্য আর্থিক দায় সম্পূর্ণ পরিশোধের অঙ্গীকারও অন্তর্ভুক্ত রয়েছে।
আইনের বিধান অনুযায়ী, আবেদন অনুমোদনের পর তিন মাসের মধ্যে শেয়ার ও সম্পদ-দায় হস্তান্তরের আগে সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থের ৭.৫ শতাংশ পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। অবশিষ্ট ৯২.৫ শতাংশ অর্থ দুই বছরের মধ্যে ১০ শতাংশ সরল সুদসহ পরিশোধ করতে হবে।
নতুন আইনে ব্যাংক রেজোল্যুশন কাঠামোর মূল দিকগুলো বহাল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংককে রেজোল্যুশন কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব প্রদান, প্রশাসক নিয়োগ, মূলধন পুনর্গঠন, সম্পদ ও দায় স্থানান্তর, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা, সরকারি সহায়তা তহবিল ব্যবস্থাপনা, রেজোল্যুশন ফান্ড গঠন, ব্যাংক অবসায়ন প্রক্রিয়া এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিধান।
Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam