| সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 56 বার পঠিত
দেশের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম শরিয়াহভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর (স্ট্যাটিক ও ডায়নামিক) অ্যাকুয়ারিং সেবা এবং “ডিজিটাল ও ক্যাশলেস ক্যাম্পেইন ২০২৬” আনুষ্ঠানিকভাবে চালু করেছে। রোববার (১২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নতুন প্রযুক্তিভিত্তিক প্রোডাক্ট ও ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। এ উদ্যোগকে দেশের ডিজিটাল ব্যাংকিং খাত ও নগদবিহীন লেনদেন ব্যবস্থার বিকাশে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন, আধুনিক এপিআই-নির্ভর প্রযুক্তি ব্যাংকিং সেবাকে আরও সংহত, দ্রুতগামী এবং নিরবচ্ছিন্ন করেছে, যা ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম চালুর ফলে গ্রাহকরা আরও সহজ, দ্রুত এবং নিরাপদ লেনদেনের সুযোগ পাবেন, পাশাপাশি দাতব্য কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং “ক্যাশলেস বাংলাদেশ” গঠনের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেবে।
স্বাগত বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ের আগেই বাংলা কিউআর-ভিত্তিক ডিজিটাল দানবক্স ও পেমেন্ট সিস্টেম চালু করা ব্যাংকের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তিনি আরও বলেন, এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংকিং অ্যাপ কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীনভাবে লেনদেন সম্পন্ন করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস. এম. আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ ম্যানেজমেন্ট কমিটির সদস্য, বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন।
ডিজিটাল দানবক্স মূলত দাতব্য অনুদান প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং নিরাপদ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করবে। অন্যদিকে বাংলা কিউআর অ্যাকুয়ারিং (স্ট্যাটিক ও ডায়নামিক) সিস্টেমের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকরা তাৎক্ষণিকভাবে ঝামেলামুক্ত, দ্রুত এবং নিরাপদ ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। “ডিজিটাল ও ক্যাশলেস ক্যাম্পেইন ২০২৬”-এর মাধ্যমে ব্যাংকটি দেশে ক্যাশলেস অর্থনীতির প্রসার, ডিজিটাল লেনদেন ব্যবহারের বিস্তার এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতাকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে।
Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam