| শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 65 বার পঠিত
রাজস্ব ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাত সংস্কারে পূর্ববর্তী আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রভাব বর্তমান সরকারের ওপর এসে পড়েছে বলে উল্লেখ করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জুন প্রান্তিকের ঋণের কিস্তি স্থগিত করেছে সংস্থাটি, যা এখন বর্তমান তারেক রহমানের সরকারের সময় কার্যকর হয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন জানান, সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে বৃহৎ পরিসরের কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “দেশটি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা বলেছি, শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় এখনই উচ্চাভিলাষী সংস্কার বাস্তবায়নের উপযুক্ত সময়। তারা বিষয়গুলো গুরুত্বসহকারে শুনেছেন, এখন আমরা তাদের পদক্ষেপ পর্যবেক্ষণ করব।”
শ্রীনিবাসন আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাজস্ব আহরণ উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে এবং প্রয়োজনের তুলনায় অনেক কম পর্যায়ে রয়েছে। তার ভাষায়, “রাজস্ব সংগ্রহের পারফরম্যান্স সন্তোষজনক নয়; এটি কম এবং গত তিন বছরে আরও হ্রাস পেয়েছে। রাজস্ব খাত, আর্থিক খাত পুনর্গঠন এবং বিনিময় হার সংস্কারসহ বড় ধরনের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।”
তিনি আরও বলেন, আইএমএফ সমর্থিত ঋণ কর্মসূচির তিনটি প্রধান স্তম্ভেই এখনো গুরুত্বপূর্ণ সংস্কার বাকি রয়েছে। সংস্থাটি বাংলাদেশ সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে আপডেট জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে, যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় আরও ৮০ কোটি ডলার বৃদ্ধি পেয়ে মোট ৫৫০ কোটি ডলারে উন্নীত হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৩৬৪ কোটি ডলার ছাড় করা হয়েছে।
গত ডিসেম্বরে একটি কিস্তি পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিবর্তন ও নতুন নির্বাচিত সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সমন্বয় না হওয়ায় তা স্থগিত রাখে আইএমএফ। ওই কিস্তির সঙ্গে আগামী জুনের কিস্তি মিলিয়ে মোট ১৩ কোটি ডলার ছাড়ের প্রত্যাশা ছিল বাংলাদেশের।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফরকালে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের সঙ্গে বৈঠক করলেও জুন কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত নিশ্চয়তা দেয়নি বলে জানা গেছে।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam