| বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত
দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য সহজ শর্তে ঋণপ্রবাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে উৎপাদন, ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এনসিসি ব্যাংক দেশের বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ ও চলতি মূলধন সুবিধা প্রদান করবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসার পরিধি বৃদ্ধি, উৎপাদন সক্ষমতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবেন।
এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের ১,৫০০ কোটি টাকার “ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই)” তহবিলেও অংশগ্রহণ করবে এনসিসি ব্যাংক। এই তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করা হবে, যা নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিদ্যমান ব্যবসার টেকসই বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
উভয় পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় সিএমএসএমই গ্রাহকরা মাত্র ৭ শতাংশ সুদহারে ঋণ সুবিধা পাবেন, যা উদ্যোক্তাদের অর্থায়ন ব্যয় কমিয়ে ব্যবসা পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার-এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং এসভিপি ও এসএমই বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মহসীন-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, সিএমএসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সক্ষমতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। এনসিসি ব্যাংকও ভবিষ্যতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আরও উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করে যাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam