| বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
নো ভিসা ফি বৃদ্ধি, লন্ডনে প্রবাসীদের প্রতিবাদ
অত্যধিক হারে নো ভিসা ফি বৃদ্ধি ও বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের পাঁয়তারার প্রতিবাদে এবং সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত ও বিদেশি অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সমাজসেবক মো. তাজুল ইসলাম ও কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেটের প্রেট্রন ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্টের জন্য নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ডে একদিনের নোটিশে বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে তা হ্রাস বা বাতিল করতে হবে। দীর্ঘ ২২ বছরেও ওসমানী বিমানবন্দর কেন পূর্ণাঙ্গ বিমানবন্দর হয়নি এবং কেন কাতার, আমিরাতসহ অন্য এয়ারলাইন্স ওঠানামা করে না তা প্রবাসীরা জানতে চায়।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রবাসীদের এসব দাবি না মানলে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হতে পারে। বিমানের ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তা কমানোর দাবি জানান প্রবাসীরা। তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটের ব্যাপারে স্পষ্ট ঘোষণার দাবি জানান।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam