অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 84 বার পঠিত
সংগৃহীত ছবি
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নদীশাসনের ব্যয় ৮৭৭ কোটি ৫৩ লাখ টাকা বাড়ছে। ফলে ভ্যাট, ট্যাক্সসহ পদ্মা সেতুর নদীশাসনের মোট ব্যয় দাঁড়াবে ৯ হাজার ৫৮৫ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পদ্মা সেতুর নদীশাসনের বাড়তি ব্যয়সহ মোট ১২টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদীশাসনের পূর্ত কাজ চীনের সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকায় চুক্তি হয়। তবে নদীশাসনে অতিরিক্ত সময় লাগা, ডলারের দাম বৃদ্ধি পাওয়াসহ কয়েকটি কারণে ব্যয় বাড়ছে বলে তুলে ধরেছে সেতু বিভাগ। সেতু বিভাগ জানিয়েছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদীশাসন কাজ সম্পন্ন করতে মূল চুক্তিপত্রের সময়সীমার অতিরিক্ত ৫৫ মাস বেশি লাগে। বর্ষাকালে খরস্রোতা হলেও শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে অনেক চর জেগে ওঠে। নাব্য হ্রাস পাওয়ায় নদীতে ড্রেজার চলাচল বাধাগ্রস্ত হয়। এ কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। এ ছাড়া কভিড-১৯ চলাকালীন বিদেশ থেকে ঠিকাদারের জনবল নিয়োগসহ পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী এবং যন্ত্রপাতি আমদানি সীমিত হয়ে পড়ে। এসব নানাবিধ কারণে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। এসব কারণেই ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়।
এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজের ব্যয়েও ২৭০ কোটি ২২ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। এ পূর্ত কাজ সম্পাদনের জন্য জাপানের টিওএ করপোরেশনের কাছ থেকে ১ হাজার ৮১ কোটি ৪৫ লাখ টাকায় চুক্তি করা হয়। তবে এ প্রকল্পে নতুন কিছু কাজ যুক্ত হওয়ায় ব্যয় বাড়ানোর প্রয়োজন হয় হয়। এ ছাড়া দিনাজপুর, বান্দরবান ও ফেনী জেলায় তিনটি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ৬৪৩ কোটি ২ লাখ টাকায় পেট্রোবাংলাকে এ গ্যাস সরবরাহ করবে গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। এ ছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এবং দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ১ লাখ ২০ হাজার টন ইউনিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এসব সার কিনতে ব্যয় হবে ৫৩০ কোটি ৯৬ লাখ টাকা।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam