| সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল রফতানি ১৫ বছরের সর্বোচ্চে
বিশ্বের শীর্ষ সয়াবিন তেল উৎপাদনকারী দেশ চীন। এর পরই যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া সত্ত্বেও আকাশচুম্বী দামের মধ্যে তিন বছর ভোজ্যতেলটি রফতানি প্রায় বন্ধ রেখেছিল দেশটি। তবে ২০২৫ সালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রেকর্ড সয়াবিন তেলের রফতানি দিয়ে বছর শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ সময় রফতানি বেড়ে ১৫ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত মার্কিন সেনসাস ব্যুরো ডাটা থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
ডাটা অনুযায়ী, জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ২ লাখ ১২ হাজার ৭১৪ টন সয়াবিন তেল রফতানি করেছে, যা ২০১০ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। এর আগে ২০২২-২৩ বিপণন বর্ষে দেশটির রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৭১ হাজার ৪১৭ টন।
বিশ্বের শীর্ষস্থানীয় ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। ২০২৪-২৫ বিপণন বর্ষের প্রথম চার মাসে মার্কিন সয়াবিন তেল রফতানির ২০ শতাংশেরই ভোক্তা ছিল ভারত। দক্ষিণ কোরিয়া, কলম্বিয়া ও মেক্সিকো মিলে আরো ৪১ শতাংশ আমদানি করেছে। মেক্সিকো মার্কিন সয়াবিন তেলের শীর্ষ গন্তব্যস্থল। তবে বাণিজ্য শুল্ক শুরু হলে রফতানিকারকদের জন্য ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সেনসাস ব্যুরো ডাটা থেকে আরো জানা যায়, ২০২৪-২৫ বিপণন বর্ষের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল রফতানির পরিমাণ ছিল ৭ লাখ ৬৪ হাজার টন, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) পুরো অর্থবছর দেশটি থেকে মোট ৭ লাখ ২৬ হাজার টন ভোজ্যতেল রফতানির পূর্বাভাস দিয়েছিল।
ইউএসডিএ আরো জানায়, ২০২৪-২৫ বিপণন বর্ষে যুক্তরাষ্ট্র সয়াবিন তেলের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম সরবরাহকারী হতে পারে। এ সময় শীর্ষ রফতানিকারক দেশ আর্জেন্টিনার সয়াবিন তেল সরবরাহ যুক্তরাষ্ট্রের তুলনায় আটগুণ বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam