| শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ৩৪ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৩৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৭৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫ হাজার ৫২৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৪৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৫১ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৮ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৯৬ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৩০৬টির ও অপরিবর্তিত ছিল ২৩টির। আর লেনদেন হয়নি ১৬টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সোশ্যাল ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা ও সিটি ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৭০১ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৪৯ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন কমেছে ৩৯ দশমিক শূন্য ২ শতাংশ।
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam