| বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 128 বার পঠিত
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি বছরের বাকি সময়জুড়েও এ ধারা বজায় থাকবে বলে মনে করছেন ব্যবসায়ী ও খাতসংশ্লিষ্ট বিশ্লেষকরা। এমনকি ২০২৬ সালে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করতে পারে। তবে তার আগে স্বল্পমেয়াদে স্বর্ণের বাজারদর ৫-৬ শতাংশ কমতে পারে বলে জানিয়েছেন তারা।
সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া গোল্ড কনফারেন্সে অগমন্টের গবেষণাপ্রধান রেনিশা চেনানি বলেন, ‘দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলোয় (ইটিএফ) এর চাহিদা বেড়ে চলেছে। তবে বর্তমানে স্বর্ণ কেনাবেচা হচ্ছে অনেক বেশি। ফলে স্বল্পমেয়াদে দাম কিছুটা কমে আসতে পারে। এরপর ২০২৬ সালে আবার নতুন রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে মূল্যবান ধাতুটির দাম।’
চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। গত বছরও মূল্যবান ধাতুটির দাম ২৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬৮৮ ডলার ৪১ সেন্টে। এদিন লেনদেনের এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড ৩ হাজার ৬৯৭ ডলার ৫ সেন্টে পৌঁছেছিল। এ সময় ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৭২৬ ডলার ৭০ সেন্টে দাঁড়ায়।
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam