| সোমবার, ১৯ মে ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়ছে দ্রুত
৮২ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। ক্যানসার তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে রোববার (১৮ মে) এক বিবৃতিতে জানিয়েছে বাইডেনের দপ্তর। খবর বিবিসি।
গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে নতুন একটি প্রোস্টেট নডিউল শনাক্ত হয় এবং শুক্রবার তার ক্যানসার ধরা পড়ে। পরীক্ষায় দেখা গেছে, বাইডেনের ক্যানসারের গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯। এই স্কোরকে অত্যন্ত উচ্চমাত্রার ও দ্রুত ছড়াতে সক্ষম রোগ হিসেবে বিবেচনা করা হয়।
তবে বাইডেনের দপ্তর জানিয়েছে, এটি হরমোন-সংবেদনশীল হওয়ায় নিয়ন্ত্রণযোগ্য বলে আশা করা যাচ্ছে। বর্তমানে বাইডেন ও তার পরিবার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছেন।
সাবেক প্রেসিডেন্টের অসুস্থতার খবর জানার পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির থেকেই সমবেদনা ও শুভকামনা জানানো হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা বাইডেনের চিকিৎসাজনিত পরিস্থিতিতে মর্মাহত। আমরা জো, জিল এবং তাদের পরিবারকে শুভকামনা জানাই।‘
সাবেক ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, ‘জো একজন লড়াকু মানুষ। আমি জানি তিনি এই চ্যালেঞ্জের মোকাবেলা করবেন তার চিরচেনা সাহস ও দৃঢ়তা দিয়ে।‘
বারাক ওবামা বলেন, ‘ক্যানসার গবেষণায় জোরালো ভূমিকা রেখেছেন বাইডেন। তার দৃঢ় মনোবল এই লড়াইয়েও তাকে এগিয়ে রাখবে।‘
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শারীরিক অবস্থা ও বয়স নিয়ে উদ্বেগের কারণে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান বাইডেন। পরে তার স্থলাভিষিক্ত হন কামালা হ্যারিস।
যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে ত্বকের পরেই দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ক্যানসার হলো প্রোস্টেট ক্যানসার। সিডিসি জানিয়েছে, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ১৩ জনের জীবনে একবার না একবার এটি হতে পারে এবং বয়সই এ রোগের প্রধান ঝুঁকিপূর্ণ উপাদান।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়লে সাধারণত তা আর নিরাময়যোগ্য থাকে না। তবে প্রাথমিক চিকিৎসায় রোগীরা সাধারণত ভালো সাড়া দেন এবং দীর্ঘদিন বাঁচেন। বাইডেনের ক্ষেত্রেও হরমোন থেরাপি ব্যবহার করে লক্ষণ প্রশমন ও কোষ বৃদ্ধির গতি হ্রাস করার চেষ্টা করা হবে বলে মনে করছেন চিকিৎসকরা।
২০১৫ সালে ব্রেন ক্যানসারে বাইডেনের বড় ছেলে বো বাইডেনের মৃত্যু হয়। সেই থেকেই ক্যানসার গবেষণায় তার সক্রিয় আগ্রহ, যার ধারাবাহিকতায় ২০১৬ সালে শুরু হয় ‘ক্যানসার মুনশট’ কর্মসূচি এবং ২০২২ সালে এটি পুনরায় চালু করেন তিনি ও স্ত্রী জিল বাইডেন।
Posted ৫:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam