| বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 125 বার পঠিত
বর্তমানে প্রতিষ্ঠানভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনে ৩০ শতাংশ শ্রমিকের সম্মতি থাকার বিধান রয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন পাওয়া ‘বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫’-এ বলা হয়েছে ন্যূনতম ২০ জন শ্রমিকের সমর্থন পেলেই গঠন করা যাবে ইউনিয়ন। যদিও এ বিধান নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এ নীতির কারণে পোশাক শিল্প অস্থিতিশীল হবে বলে মনে করছে সংগঠনটি। একই সঙ্গে সংশোধিত শ্রম আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তৈরি পোশাক শিল্পের সমস্যা তুলে ধরতে চার মাস ধরে সময় চেয়েও সাক্ষাৎ পাওয়া যায়নি। কারো সঙ্গে নেগোসিয়েশন করতে হলে তার সঙ্গে বসতে হয়। তিনি যদি সময় না দেন তাহলে কীভাবে নেগোসিয়েশন করব? আমরা বারবার সময় চেয়েও সময় পাইনি।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাই না, অথচ স্টারলিংকের কোম্পানি স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট এলে তার সঙ্গে উনি দেখা করেন। সেই কোম্পানি ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। অথচ তিনি ৪০ বিলিয়ন ডলারের খাতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন না।’
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam