বাংলাদেশ ব্যাংক-এর সার্বিক তত্ত্বাবধানে এবং চুয়াডাঙ্গা জেলার সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ আয়োজন করেছে। গত ১১ এপ্রিল চুয়াডাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান, উপ-পরিচালক মো. মাহাবুব-উল আলম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস. এম. রাশেদুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আবু ছায়েম।
কনফারেন্সে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার্থীদের সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেন এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সঞ্চয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়মুখী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ব্যাংকিং খাতে শিক্ষার্থীদের আমানতের পরিমাণ ক্রমেই বাড়ছে, যা ইতিবাচক প্রবণতার পরিচায়ক এবং প্রশংসার দাবিদার।
স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়, যা পুরো অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলে।