উদ্যোক্তা ডেস্ক | রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট | 151 বার পঠিত
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে দেশটি থেকে তুলা আমদানি বাড়াতে চান উদ্যোক্তারা। অস্ট্রেলিয়ার সহকারী বাণিজ্যমন্ত্রী এবং কয়েকজন সিনেটরের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ আগ্রহের কথা জানান। সিডনিতে কমনওয়েলথ পার্লামেন্টারি অফিসে গত শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের হাইকমিশনার এম আলমা সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন।
গতকাল বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচানায় অস্ট্রেলিয়ার সহকারী বাণিজ্যমন্ত্রী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পরও অতিরিক্ত তিন বছর বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাস দেন। এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারুক হাসান। তিনি বলেন, অস্ট্রেলিয়াকে তৈরি পোশাকের সম্ভাবনাময় বড় বাজার হিসেবে বিবেচনা করেন তারা। বিশেষত উচ্চমূল্যের ফ্যাশনদুরস্ত পোশাকের বাজার হিসেবে অস্ট্রেলিয়ায় গত কয়েক বছর বাংলাদেশের রপ্তানি বাড়ছে। রপ্তানি আরও বাড়াতে অস্ট্রেলিয়া থেকে তুলা ও উলের আমদানি বাড়াতে চান তারা।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক খাতের অবদান, রপ্তানি পরিস্থিতি ও বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশের পোশাকের অপ্রচলিত বাজার। গত অর্থবছরে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো পোশাক রপ্তানি ১০০ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। রপ্তানি হয় ১১৫ কোটি ডলারের পোশাক। আগের অর্থবছরের চেয়ে রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ।
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam