| মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে মেসি
বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বর মাসে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও একুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অধিনায়ক লিওনেল মেসি আছেন লিওনেল স্কালোনির এ স্কোয়াডে। নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে ডেকেছেন আর্জেন্টিনার কোচ। লাৎসিও স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।
এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কোর জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি। চোটের কারণে প্রায় এক বছর পর আর্জেন্টিনা দলের বাইরে থাকা অ্যাটাকিং মিডফিল্ডার কারবোনি কিছুদিন আগে জেনোয়ার হয়ে দারুণ এক গোল করেন। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখা ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি।
ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরিকেও স্কোয়াডে রেখেছেন স্কালোনি। চোটমুক্ত হতে না পারায় গঞ্জালো মন্তিয়েল ও পাওলো দিবালাও ডাক পাননি। রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো আছেন আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে।
এরই মধ্যে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা থেকে ১০ দলের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ একুয়েডর।
Posted ৫:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam