| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
আলিসনের ‘জীবনের সেরা পারফরম্যান্স’এ রক্ষা পেল লিভারপুল
এ যেন এক অবিশ্বাস্য চমক! প্রায় পুরো ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করে গেছে পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল লিভারপুল। ৮৭ মিনিট ধরে চাপে থাকার পর গোল করেন হার্ভি এলিয়ট, সেটাও মাঠে নামার মাত্র ৪৬ সেকেন্ডের মাথায়ই! আর সেই একমাত্র গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে লুই এনরিকের পিএসজিকে হারিয়েছে লিভারপুল।
তবে গোল করেও ম্যাচের নায়ক এলিয়ট নন। সেটা অলরেডদের ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকার। একের পর এক দুর্দান্ত সেভ করে প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়েছেন তিনি। পিএসজি পুরো ম্যাচে গোলমুখে নিয়েছে ‘অবিশ্বাস্য’ ২৭টি শট আর লিভারপুলের মাত্র ২টি! কিন্তু পার্ক দ্য প্রিন্সেসে আলিসন যেন হয়ে দাঁড়িয়েছিলেন দুর্লঙ্ঘ এক প্রাচীর।
‘এটাই ছিল জীবনের সেরা পারফরম্যান্স। আমরা জানতাম, কঠিন ম্যাচ হবে। ম্যানেজার আমাদের প্রস্তুত থাকতে বলেছিলেন, কারণ পিএসজি বলের দখলে দারুণ দল এবং আমাদের কষ্ট করতে হবে।‘— ম্যাচ শেষে বললেন আলিসন।

পিএসজি ও গোলের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান আলিসন।
২০১৮ সালে লিভারপুলে যোগ দেয়ার পর থেকে আলিসনের অনেক দুর্দান্ত পারফরম্যান্সই আছে। তবে গতরাত হয়তো ছাপিয়ে গেছে সবকিছু। এলিয়টে কথায়— ‘সে অবিশ্বাস্য, বিশ্বসেরা! প্রতি ম্যাচেই সে আমাদের বাঁচায়। ও না থাকলে আমরা কোথায় থাকতাম, কে জানে!’
অন্যদিকে, পিএসজি সমর্থকরা এখনো হয়তো বিশ্বাসই করতে পারছে না, কীভাবে তারা এই ম্যাচ জিততে পারল না! পুরো ম্যাচে আধিপত্য দেখানো দলটি হারলো মাত্র একটি শটের গোলে। কারণ, পিএসজির গোলমুখে লিভারপুল যে একমাত্র শটেই লক্ষ্যভেদ করেছে!
নতুন বছরে দুর্দান্ত ফর্মে ছিল পিএসজি। টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর তারা লিভারপুলের মুখোমুখি হয়। শুরু থেকেই আধিপত্য ছিল লুই এনরিকের দলের। লিভারপুলকে নিজেদের অর্ধ থেকে বের হতেও দিচ্ছিল না। মনে হচ্ছিল, যেকোনো মুহূর্তে গোল আসবে।
কিন্তু আলিসন একাই ওসমান দেম্বেলেকে ২ বার, কাভিশা কাভারাজখেলিয়াকে ৪ বার এবং বদলি নামা দেজিরে ডোয়েকে ২ বারসহ অসংখ্যবার পিএসজিকে গোলবঞ্চিত করেছেন।
ফলাফল? এক অপ্রত্যাশিত জয় নিয়ে প্যারিস থেকে ফিরছে লিভারপুল!
Posted ৩:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam