| বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দারের সভাপতিত্বে অনলাইনে আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পরিচালকদের মধ্যে ফারজানা আফরোজ, ওয়ালিদ মো. সমুয়েল, ডা. মুনাল মাহবুব, সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম, বে-লিজিং এর প্রতিনিধিত্বকারী পরিচালক মো. এনায়েত কবির, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ও মাহফুজুর রহমানসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলাম সংযুক্ত ছিলেন। এছাড়া সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররাও সংযুক্ত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আতিক উল্যাহ্ মজুমদার। সভায় পেশ করা বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৮১.৩৩ কোটি টাকা, নীট প্রিমিয়াম আয় হয়েছে ৫৫.১৮ কোটি টাকা, অবলিখন মুনাফা হয়েছে ১৩.৪২ কোটি টাকা, কর পূর্ব এবং কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ১৫.৪৩ কোটি ও ৯.৬৮ কোটি টাকা।
এছাড়া ওই বছরের হিসাব মতে, কোম্পানির এফ.ডি.আর ও মোট সম্পদের পরিমাণ যথাক্রমে ৬৯.৫৮ কোটি টাকা ও ২৩৩.৬৬ কোটি টাকা। এদিকে, ২০২৪ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৬ পয়সা ও শেয়ার প্রতি নীট সম্পদ মূল্যের পরিমান ২৯ টাকা ৬৩ পয়সা।
২০২৪ সালটি বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া স্বত্বেও শেয়ারহোল্ডারদের ১০% লভ্যাংশ প্রদান করতে পারায় কোম্পানির চেয়ারম্যান মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
এদিকে অনুষ্ঠিত কোম্পানির এ বার্ষিক সাধারণ সভাইয় গ্রুপ-এ পরিচালকদের মধ্যে আবুল বশর চৌধুরী, ফারজানা আফরোজ ও ডা. মুনাল মাহবুব এবং গ্রুপ-বি পরিচালকদের মধ্যে সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম, এফসিএ পরিচালক পদে শেয়ারহোল্ডারদের মাধ্যমে পুনর্নির্বাচিত হয়েছেন।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam