| সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা পাননি বাবর ও রিজওয়ান
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। এ আসরের জন্য সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। আজ রোববার ঘোষিত এ দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
বাবর ও রিজওয়ান না থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া ফখর জামান ফিট হয়ে ওঠায় তাকে রাখা হয়েছে ১৭ জনের স্কোয়াডে। দলটিকে নেতৃত্ব দেবেন সালমান আগা।
এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এশিয়া কাপের দলটিই ওই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বাবর। ২০২৫ সালের পিএসএলে তিনি দশ ইনিংসে ২৮৮ রান করেছেন ১২৮.৫৭ স্ট্রাইকরেটে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি। সেখানে তিন ইনিংসে যথাক্রমে ৪৭, ০ ও ৯ রান করেন সাবেক অধিনায়ক। তার মতো রিজওয়ানও টি-টোয়েন্টি দলে ব্রাত্য। বাংলাদেশের বিপক্ষে হোম ও অ্যাওয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে রাখা হয়নি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে খেললেও ভালো করতে পারেননি। তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৫৩, ১৬ ও ০।
আরব আমিরাতের মাঠে ত্রিদেশীয় সিরিজ চলবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ‘এ’ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত, ওমান ও আরব আমিরাতের বিপক্ষে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং। ১২ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে, ১১ সেপ্টেম্বর।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মাদ হারিস (উইকেটকিপার), মোহাম্মাদ নওয়াজ, মোহাম্মাদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
Posted ৭:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam