শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ট্রাস্ট ব্যাংক জনগণের আস্থা শতভাগ অর্জন করতে পেরেছে

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ট্রাস্ট ব্যাংক জনগণের আস্থা শতভাগ অর্জন করতে পেরেছে

সংগৃহীত ছবি

দেশের সর্বস্তরের নাগরিকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়ে ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল। এ ব্যাংকের প্রধান লক্ষ্যই হলো আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের ব্যাংক আমানতকারীদের আস্থা অর্জনে সফল হয়েছে। ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষকতায়। ১৯৯৯ সালে যাত্রার পর থেকে আমরা বাংলাদেশে ব্যাংকিং সেবা প্রদান করে আসছি। আমাদের বিশ্বাস, দীর্ঘ এ পথচলায় ট্রাস্ট ব্যাংক দেশের সব স্তরের জনগণের আস্থা শতভাগ অর্জন করতে পেরেছে।

বর্তমানে ট্রাস্ট ব্যাংকে আমানত হিসাবের সংখ্যা ১০ লাখেরও বেশি। বিগত এক বছরে আমরা আমানতে সাড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। প্রতি বছরই ট্রাস্ট ব্যাংকে আমানতকারীর সংখ্যা এবং আমানতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকের বিশেষায়িত ও সুদক্ষ পরিচালনা পর্ষদ, আর্থিক সুশাসন এবং আন্তরিক গ্রাহকসেবার কারণে প্রবৃদ্ধির ধারা অক্ষুণ্ন রাখা সম্ভব হচ্ছে বলে মনে করি।

দেশের সব জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনাই ট্রাস্ট ব্যাংকের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের ও পেশার নাগরিকদের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের আমানত স্কিম চালু করেছি। উদাহরণস্বরূপ ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট, ১৮-ঊর্ধ্ব শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ইয়ুথ অ্যাকাউন্ট এবং সব বয়সী শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট স্টুডেন্ট ডিপিএস চালু রয়েছে। শিক্ষার্থীদের জন্য এসব স্কিম অ্যাকাউন্টে ডেবিট কার্ড, চেক বই এবং অ্যাকাউন্ট মেইনটেন্যান্সের জন্য কোনো চার্জ নেয়া হয় না।

সব স্তরের নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক সবসময়ই কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ট্রাস্ট ব্যাংক শুধু নারীদের জন্য বিশেষ সুবিধা সংবলিত সঞ্চয় হিসাব ‘ট্রাস্ট সৃষ্টি’ চালু করেছে। প্রতি মাসে আকর্ষণীয় মুনাফা ছাড়াও এ সঞ্চয় হিসাবের বিপরীতে বীমা সুবিধাও দেয়া হয়। বাংলাদেশের প্রবীণ নাগরিকদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক বিভিন্ন ধরনের সঞ্চয় স্কিম চালু করেছে। এর ধারাবাহিকতায় দেশের ষাটোর্ধ্ব বয়সী নাগরিকদের আর্থিক সুরক্ষার জন্য ট্রাস্ট সিনিয়র অ্যাকাউন্ট, এফডিআর ও বিশেষ স্কিম চালু করা হয়েছে।

সব শ্রেণীর গ্রাহকদের জন্য রয়েছে লাখপতি স্কিম, মিলিয়নেয়ার স্কিম, কোটিপতি স্কিম, মানি ডাবল স্কিম, ট্রাস্ট অ্যাসুরেন্স ডিপোজিট স্কিম এবং মাসিক সঞ্চয় স্কিম। এসব স্কিমে আমানতকারীদের জন্য আকর্ষণীয় মুনাফার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য রয়েছে মাসিক সঞ্চয় স্কিম ‘ট্রাস্ট কোটিপতি প্লাস’ ও মেয়াদি সঞ্চয় স্কিম ‘ট্রাস্ট ইকো প্লাস’।

প্রচলিত এসব প্রডাক্ট ছাড়াও ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ইসলামী আমানত স্কিম। মুদারাবা মাসিক সঞ্চয় স্কিম, মুদারাবা মিলিয়নেয়ার স্কিম, মুদারাবা কোটিপতি স্কিম ছাড়াও যেসব গ্রাহক ভবিষ্যতে হজ করার সংকল্প করছেন, তাদের জন্য রয়েছে বারাকাত হজ ডিপোজিট স্কিম। বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানে কর্মরত নিবাসী বাংলাদেশীরা বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত অর্থ ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ‘আরএফসিডি’ অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। গ্রাহক সুবিধা বিবেচনা করে ট্রাস্ট ব্যাংক তার অনলাইন সেবাও বিস্তৃত করেছে। গ্রাহকরা বর্তমানে অনলাইনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংকে হিসাবও খুলতে পারছেন।

আমানতকারীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রাস্ট ব্যাংক প্রতিনিয়ত নতুন প্রডাক্ট এবং সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। আমানতকারীদের জন্য আমাদের এমন কিছু স্কিম রয়েছে, যা বৈশিষ্ট্যের দিক থেকে অনন্য। ট্রাস্ট অ্যাসুরেন্স ডিপোজিট স্কিমের মাধ্যমে গ্রাহককে একই সঙ্গে বীমা ও আমানত সুবিধা প্রদান করা হয়। এ স্কিমের আওতায় গ্রাহক অর্থ সঞ্চয়ের পাশাপাশি পূর্ণ জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারেন।

ট্রাস্ট মিলিয়নেয়ার স্কিমে গ্রাহক চাইলে একটি নির্দিষ্ট সময় পর তার জমানো টাকার কিছু অংশ উত্তোলন করতে পারেন। অবশিষ্ট অংশের মাধ্যমে এ স্কিম বাকি মেয়াদের জন্য চলমান রাখার সুযোগও রয়েছে।

আমানতের অভ্যাস গড়ে তোলার জন্য একজন শিক্ষার্থী সর্বনিম্ন মাসিক ১০০ টাকায় ট্রাস্ট স্টুডেন্ট ডিপিএস স্কিম চালু করতে পারেন। দেশের ষাটোর্ধ্ব বয়সী নাগরিকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধির জন্য ট্রাস্ট সিনিয়র অ্যাকাউন্ট, সিনিয়র এফডিআর এবং সিনিয়র ইকো স্কিম চালু রয়েছে। এ স্কিমগুলোয় আকর্ষণীয় মুনাফা প্রদানের পাশাপাশি সহজ শর্তে ভোক্তা ঋণ প্রদান করা হয়।

দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যেমন কৃষক, গার্মেন্টস শ্রমিক, পাদুকা শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, পথশিশুদের জন্যও ট্রাস্ট ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলার সুবিধা রয়েছে। ন্যূনতম মাত্র ১০ টাকা জমা দিয়ে এসব হিসাব খোলা যায়। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ট্রাস্ট ব্যাংকের সেবা পৌঁছে যাচ্ছে।

আমানতকারীদের জমাকৃত অর্থই যেকোনো ব্যাংকের মূল চালিকাশক্তি। এ কারণে আমানতকারীদের স্বার্থ ক্ষুন্ন হয়, এমন কার্যকলাপ ব্যাংকের জন্য আত্মস্বার্থবিরোধী। কোনো ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে ওই ব্যাংকের ওপর আমানতকারীরা আস্থা হারান। যার বিভিন্ন উদাহরণ আমাদের কারোরই অজানা নয়। এজন্য ট্রাস্ট ব্যাংক শুরু থেকেই আমানতকারীদের স্বার্থ রক্ষায় সচেষ্ট। এ কারণে ট্রাস্ট ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা দিন দিন বাড়ছে। গ্রাহক স্বার্থ রক্ষা আমাদের প্রধান লক্ষ্য। আর সে লক্ষ্য বাস্তবায়নে আমরা ব্যাংকের বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে গ্রাহকের সুবিধাকে প্রাধান্য দিই। আমাদের গ্রাহকরা কোনো বাড়তি চার্জ ছাড়াই দেশের যেকোনো প্রান্তের যেকোনো শাখা থেকে ডেবিট কার্ড ও চেক বই উত্তোলন করতে পারেন। এছাড়া অনলাইন ব্যাংকিংয়ে অর্থাৎ ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো চার্জ নেয়া হয় না।

ব্যাংকের সেবাগুলো গ্রাহকদের হাতের মুঠোয় পৌঁছে দেয়ার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক ‘ট্রাস্ট মানি অ্যাপ’ তৈরি করেছে। এ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই ২৪/৭ আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন। এছাড়া বিভিন্ন ধরনের বিল পরিশোধ, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখা, মোবাইল রিচার্জসহ অন্যান্য অনেক সেবা অ্যাপের মাধ্যমে গ্রহণ করা সম্ভব হচ্ছে।

আমানতকারীদের স্বার্থ রক্ষায় তাদের চাহিদা অনুযায়ী অন্যান্য সেবাও আমরা প্রদান করি। একজন ব্যাংকার হিসেবে আমি আমানতকারীদের বলতে চাই, অধিক মুনাফার প্রত্যাশায় তারা যেন ঝুঁকিপূর্ণ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে বিপদে না পড়েন। আমানত রাখার আগে অবশ্যই সেই প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি, সুনাম ও অভিজ্ঞতা দেখে তারপর আমানত রাখতে হবে।

ট্রাস্ট ব্যাংক নিয়মিতভাবে গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা, লেনদেন ও সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক খুদে বার্তা, সামাজিক যোগাযোগ পেজে বিভিন্ন পোস্ট ও ই-মেইল প্রদান করে। এছাড়া ব্যাংকের সব শাখায় বাংলাদেশ ব্যাংকের বার্তা সংবলিত বিভিন্ন ধরনের নির্দেশনা ব্যানার বা এক্স-ব্যানারের আকারে গ্রাহকের সুবিধার্থে প্রদর্শন করা হয়। গ্রাহকের আমানত যেন সবসময় সুরক্ষিত থাকে তার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। অধিক মুনাফার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন খারাপ ঋণে বিনিয়োগ না করে সেদিকে নজরদারি বাড়াতে হবে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার তদারকি বৃদ্ধি করতে হবে। সাইবার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের সাইবার ঝুঁকি সম্পর্কে অবগত করতে হবে। আর্থিক সাক্ষরতামূলক কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করতে হবে, যাতে আমানতকারীরা আরো বেশি সচেতন হন।

ট্রাস্ট ব্যাংক সম্প্রতি তার কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে বিনিয়োগ বৃদ্ধি করেছে। ফলে গ্রাহকরা আরো সমন্বিত ও উন্নত সেবা পাবেন। এছাড়া আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের তথ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ লেনদেন দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com