ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 120 বার পঠিত
সংগৃহীত ছবি
দেশের সব শ্রেণী-পেশার মানুষের আর্থিক লেনদেন সহজতর করার জন্য নিরলসভাবে কাজ করছে মার্কেন্টাইল ব্যাংক। বৃহৎ শিল্পগোষ্ঠীর সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি ভূমিকা রাখছে নতুন উদ্যোক্তা তৈরিতে। অর্থায়ন করছে এসএমই ও ভেঞ্চার ক্যাপিটালে। যুক্ত হয়েছে ‘কারুপণ্য রংপুর লিমিটেডের’ মতো ঐতিহ্যবাহী শতরঞ্জি বুনন প্রতিষ্ঠানের সঙ্গে।
২০০৬ সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে কারুপণ্য রংপুর লিমিটেড। ২০০৮ সাল থেকে মার্কেন্টাইল ব্যাংক তাদের স্বপ্নযাত্রার অন্যতম সারথি। কারুপণ্য রংপুর লিমিটেডের মতো এমন আরো অসংখ্য ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে মার্কেন্টাইল ব্যাংকের নাম। এর মধ্যে ইন্টারষ্টফ গ্রুপের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের সম্পর্ক দীর্ঘ ২৩ বছরের। অ্যাপারেল, প্যাকেটজাত খাদ্যপণ্য, আইসক্রিম ও আবাসন খাতে সুনামের সঙ্গে ব্যবসা করছে ইন্টারষ্টফ গ্রুপ। তৈরি পোশাক খাতে রাইজিং গ্রুপ ও লাবিব গ্রুপের সঙ্গেও আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী স্কয়ার, প্রাণ-আরএফএল, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, এসিআই, পিএইচপি গ্রুপ, বিএসআরএম ও কেএসআরএমসহ অনেক স্বনামধন্য ব্যবসায়ী শিল্পগোষ্ঠীর সঙ্গে সুদীর্ঘ ব্যবসায়িক সম্পর্ক আমাদের।
বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে যেমন অংশীদারত্ব স্থাপন করেছে, তেমনি নতুন উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন, এসএমই ও কৃষি খাতে বিনিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যবসায়িক বিনিয়োগের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাকে সবসময় আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে এসেছে মার্কেন্টাইল ব্যাংক। দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ব্যাংকের নানা উদ্যোগ দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে।
সিএমএসএমইতে আমরা নিয়মিত ঋণ দিয়ে আসছি। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের ঋণ বিতরণের পরিমাণ ছিল ৩৬৭১ কোটি টাকা। এর মধ্যে নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে ১৩৭ কোটি টাকা। আটটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিভিত্তিক শিল্প, প্রাক অর্থায়ন ও নারী উদ্যোক্তা উন্নয়নসহ আরো বেশ কয়েকটি খাতে আমরা সিএমএসএমই ঋণ দিয়ে থাকি, যার বর্তমান স্থিতি ৩৭৪ কোটি টাকা।
উদ্যোক্তা তৈরিতে মার্কেন্টাইল ব্যাংক শুরু থেকেই অগ্রণী ভূমিকা রেখে এসেছে। ২০১৬ সাল থেকে আমরা ‘উদয়ন’ নামে স্টার্টআপ ফাইনান্স প্রকল্প চালু করি। বেশ কিছু তরুণ এগিয়ে এসেছেন এবং নিজের স্বপ্নের প্রকল্প নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের সহায়তায় উদ্যোক্তা হয়েছে। এ বছর আমরা খুলনাতে উদ্যোক্তা তৈরির উদ্দেশে দুই ধাপে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তরুণ ও নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছি। শিক্ষিত তরুণদের প্রতি মার্কেন্টাইল ব্যাংকের বার্তা হলো-চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হন। আরো ১০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। মার্কেন্টাইল ব্যাংক আপনার পাশে আছে।
সিএসআর খাতে গেল বছর মার্কেন্টাইল ব্যাংকের ব্যয় ছিল ৩২ কোটি টাকার বেশি। যার সিংহভাগ ব্যয় হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনায়। এরপর উল্লেখ্যযোগ্য পরিমাণ ব্যয় হয় স্বাস্থ্য ও শিক্ষা খাতে। ২০২২ সালে স্বাস্থ্য খাতে ব্যংকের সিএসআর ব্যয় ছিল প্রায় সাড়ে চার কোটি টাকা। গণস্বাস্থ্য কেন্দ্র, আব্দুল জলিল হেমোডায়ালাইসিস সেন্টার, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন-সোয়াক, অ্যাসিসট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন-এবিসিসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে অ্যাম্বুলেন্স, চিকিৎসা সরঞ্জাম, অর্থ সহায়তা দেয়া হচ্ছে। মার্কেন্টাইল ব্যাংক-আব্দুল জলিল শিক্ষাবৃত্তির মাধ্যমে প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলের মাধ্যমেও শিক্ষা খাতে ব্যয় করা হয়। এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সারাদেশে বিভিন্ন শাখার মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের মাধ্যমে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে মার্কেন্টাইল ব্যাংক।
খাদ্যে স্বনির্ভর দেশ গড়তে মার্কেন্টাইল ব্যাংক কৃষি খাতে সহায়তার জন্য বিশেষ সিএসআর ফান্ড গঠন করেছে। এ ফান্ডের আওতায় সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং গবেষণায় অর্থায়ন কার্যক্রম চলমান রয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক বিশ্বাস করে, একা একা বড় হওয়া যায় না। তাই সমাজের সবাইকে নিয়ে সুষম উন্নয়নে শুরু থেকেই এ ব্যাংক ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ব্যাংকিংকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে যাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
Posted ১:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam