| সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
ভুটানের লিগ খেলতে গেলেন সাবিনা, ঋতুপর্ণারা
এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে গতকাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। যদিও এই ক্যাম্পে আপাতত থাকছেন না সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও রুপনা চাকমা। এ ছয়জন ভুটানের লিগ খেলবেন। গতকাল ভুটান পৌঁছেছেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও মাতসুশিমা। সকালে রওনা হয়ে দুপুরে ভুটান পৌঁছে যান বাংলাদেশের সাফজয়ী তারকারা। থিম্পুতে পারো এফসির কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
পারো এফসির ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশী তারকাদের স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘উইমেনস ন্যাশনাল লিগ খেলতে ভুটানে আসা বাংলাদেশী মেধাবী ফুটবলারদের স্বাগত জানাতে পেরে আমরা শিহরিত। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া মাতসুশিমা ও মনিকা চাকমারা বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার ও কোয়ালিটি নিয়ে পারো এফসিতে যোগ দিচ্ছেন। দুই বছরের বিরতির পর আবারো ফিরছে পারো এফসি উইমেন আগের চেয়ে আরো শক্তিশালী ও অঙ্গীকারবদ্ধ হয়ে। আসুন তাদের স্বাগত জানাই ও মাঠে তাদের উৎসাহ দেয়ার প্রস্তুতি নিই।’
জাতীয় দলের গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন। কৃষ্ণা রাণী সরকারের সঙ্গে আলোচনা করছে ভুটানের ক্লাবটি। চূড়ান্ত হলে তারা একসঙ্গে ভুটান যাবেন।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam