ব্যাংকের খবর ডেস্ক | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 88 বার পঠিত
সংগৃহীত ছবি
গ্রাহকদের আর্থিক সুরক্ষায় সচেতনতা তৈরি করতে রংপুরে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এক যৌথ সভা করেছে।
নগরীর আরডিআরএস ভবনে শনিবার দুপুরে এই বৈঠকের কথা ইসলামী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, “২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলাসহ স্মার্ট বাংলাদেশ গঠনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেবার মানসিকতা নিয়ে আন্তরিক গ্রাহকসেবা প্রদান করতে হবে। বৈশ্বিক নানান চ্যালেঞ্জের ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই চ্যালেঞ্জ উত্তরণে প্রবাসী বাংলাদেশি ও তাদের স্বজনদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
বাংলাদেশ ব্যাংকের তদারকিতে আর্থিক খাতে সেবার মান ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে দাবি করে তিনি বলেন, “ব্যাংকিং ও আর্থিক লেনদেন সংক্রান্ত সকল কাজ এখন হাতের মুঠোয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের আর্থিক খাত ডিজিটালাইজেশনের পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে।
“বাংলাদেশ ব্যাংক এ অগ্রগতিকে ত্বরান্বিত করতে ডিজিটাল ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে। উদ্যোগগুলোকে সফল করতে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।”
কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ‘টাউন হল মিটিং রংপুর-২০২৩’ নামে এই সভা হয়।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক (এফআইসিএসডি) আবু হেনা হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহেনূর আলম, কেন্দ্রীয় ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা সভায় উপস্থিত ছিলেন।
Posted ৪:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam