শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শুরু থেকেই অননুমোদিত সিইও দিয়ে চলছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স

  |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

শুরু থেকেই অননুমোদিত সিইও দিয়ে চলছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স

শুরু থেকেই অননুমোদিত সিইও দিয়ে চলছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স

বীমা আইন ও প্রবিধান লঙ্ঘন করে প্রতিষ্ঠালগ্ন থেকেই অননুমোদিত মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) মাধ্যমে কোম্পানির কার্যক্রম পরিচালনা করছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। অথচ আইন অনুযায়ী, বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ একাধারে তিন মাসের বেশি সময়ের জন্য শূন্য রাখা যায় না। শুধু অপরিহার্য পরিস্থিতিতে এই সময় সীমা আরো তিন মাস বাড়ানোর সুযোগ রয়েছে।
বীমা আইন ২০১০ এর ৮০ (৪) ধারায় বলা হয়েছে, ‘বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ একাধারে ৩ (তিন) মাসের অধিক সময়ের জন্য শূন্য রাখা যাইবে নাঃ তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ অপরিহার্য পরিস্থিতি বিবেচনায় উক্ত সময় সীমা আরো ৩ (তিন) মাস বর্ধিত করিতে পারিবে।’

তবে জীবন বীমা খাতের পঞ্চম প্রজন্মের কোম্পানি আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ২০২১ সালে যাত্রার প্রথম থেকেই একজন অননুমোদিত মুখ্য নির্বাহী কর্মকর্তাকে দিয়ে কার্যক্রম শুরু করে। ২০২১ সালের ২৭ জুন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করে সাড়ে তিন বছরেরও বেশি সময় ভারপ্রাপ্ত হিসেবেই দায়িত্ব পালন করে বিদায় নেন মোহাম্মদ আলমগীর চৌধুরী। চলতি বছরের ৯ জানুয়ারি মুখ্য নির্বাহী পদে তার নিয়োগ প্রস্তাব নামঞ্জুর করে আইডিআরএ। একইসঙ্গে বীমা আইন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা অনুযায়ী, তিন মাসপূর্তির ১৫ দিন আগে যোগ্য মুখ্য নির্বাহীর নিয়োগ প্রস্তাব পাঠাতে আকিজ তাকাফুলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানিয়ে চিঠি দেয় আইডিআরএ। ওই চিঠিতে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদের অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদানের নির্দেশনাও দেয়া হয়। তবে আইডিআরএ’র ওই নির্দেশনাকে অনেকাংশে অগ্রাহ্য করে চলতি বছরের ১৬ মার্চ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাজ্জাদুল করিমকে মুখ্য নির্বাহী হিসেবে নিয়োগ অনুমোদনে ৮ এপ্রিল প্রস্তাব পাঠানো হয়। অথচ আইডিআরএ’র চিঠিতে সুস্পষ্ট বলা হয়েছে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা অনুযায়ী ‘যোগ্য’ মুখ্য নির্বাহীর নিয়োগ প্রস্তাব পাঠাতে হবে। কিন্তু আকিজ তাকাফুলের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম প্রবিধান অনুযায়ী আবেদনের যোগ্যতা অর্জন করেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালার প্রবিধান ৩ এর দফা (খ) এ যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তে বলা হয়েছে, মুখ্য নির্বাহী পদে নিয়োগ পেতে ‘ইতিপূর্বে কোন বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে বা উহার অব্যবহিত নিম্নপদে অন্যূন ২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ বীমা ব্যবসায় অন্যূন ১২ বৎসরের অভিজ্ঞতা’ থাকতে হবে। এ ক্ষেত্রে আকিজ তাকাফুল লাইফের পরিচালনা পর্ষদের প্রস্তাবিত সিইও সাজ্জাদুল করিম মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে পদোন্নতি পেয়েছেন চলতি বছরের ১৬ মার্চ এবং প্রস্তাব পাঠানো হয়েছে ৮ এপ্রিল। অর্থাৎ এই সময়ে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে তার অভিজ্ঞতা ছিল মাত্র ২৩ দিন।

তবে এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদুল করিম ব্যাংক বীমা অর্থনীতিকে বলেন, ‘পরিচালনা পর্ষদ প্রস্তাব পাঠিয়েছে। কর্তৃপক্ষ আমাদের কাছে যা যা চেয়েছেন আমরা তা জমা দিয়েছি। এখন সিদ্ধান্ত কর্তৃপক্ষের।’
তবে ৮ এপ্রিল এই প্রস্তাব পাঠানো হলেও এখন পর্যন্ত তা নিষ্পত্তি করেনি আইডিআরএ। অথচ প্রবিধান অনুযায়ী, ১৫ দিনের মধ্যেই নিয়োগসংক্রান্ত এসব প্রস্তাব নিষ্পত্তির বিধান রয়েছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালার প্রবিধান ৪ এর দফা (৪) এ সুস্পষ্টভাবে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ বা নবায়নের আবেদনপত্র পাইবার ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাইবেন।’
অথচ আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী নিয়োগের ক্ষেত্রে দফায় দফায় এই প্রবিধান লঙ্ঘন করেছে আইডিআরএ।অথচ বীমা আইন ২০১০ এর ৮০ (৫) উপধারা-৪ এ বলা হয়েছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ পূরণ করা না হইলে কর্তৃপক্ষ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য একজন প্রশাসক নিয়োগ করিতে পারিবে এবং কর্তৃপক্ষ যেইরূপ নির্ধারণ করিবে কোম্পানি তদানুযায়ী উক্ত প্রশাসকের বেতন ও অন্যান্য সুবিধাদির যাবতীয় ব্যয় নির্বাহ করিবে।’ #

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com