স্বাস্থ্য ডেস্ক | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 113 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) দেশের ইন্টারভেনশনাল হৃদরোগ চিকিৎসায় দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের ইন্টারভেনশনাল হৃদরোগ চিকিৎসার উন্নয়নে আন্তর্জাতিক পরিমণ্ডলে এদেশের তরুণ হৃদরোগ বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, নিজেদের অভিজ্ঞতা এবং হাতে কলমের প্রশিক্ষণকে আন্তর্জাতিক ফোরামের সঙ্গে সমন্বয় করতে বিআইটি কোর্স প্রতিবছর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে থাকে। বিআইটি’র চেয়ারম্যান ও অন্যতম কোর্স ডিরেক্টর প্রখ্যাত ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আফজালুর রহমানের নেতৃত্বে এবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে বিশ্বের খ্যাতনামা ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞদের নিয়ে যৌথভাবে বিআইটি এবং শ্রীলংকা কলেজ অব কার্ডিওলজি, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘বিআইটি সামিট-২০২৪’ নামের ১৪তম এই বিআইটি সম্মেলন হয়েছে।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জাপান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত তিন শতাধিক বিভিন্ন পর্যায়ের হৃদরোগ বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল হৃদরোগ চিকিৎসা বিজ্ঞানী। বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক নবীন হৃদরোগ বিশেষজ্ঞ, যারা ইন্টারভেনশনাল হৃদরোগ চিকিৎসার সাথে সম্পৃক্ত এবং গবেষণা কাজে আগ্রহী, তারা এদেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞদের সাথে এবার এই সম্মেলনে যোগদান করেছেন।
চিকিৎসা বিজ্ঞানের যে কয়টি শাখায় ব্যাপক সাফল্য এসেছে সেগুলোর মধ্যে অন্যতম কার্ডিওলজি অর্থাৎ হৃদরোগের চিকিৎসা। হৃদরোগের বিভিন্ন ধরনের চিকিৎসার মধ্যে ইন্টারভেনশনাল চিকিৎসা রোগ নিরাময়ে ব্যাপক ভূমিকা রাখছে। এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, রক্তনালীতে স্টেন্ট বা রিং লাগানো, পেসমেকার স্থাপন, হৃদপিন্ডের ভাল্ব প্রতিস্থাপন, ইলেকট্রো ফিজিওলজি স্টাডি, রেডিওফ্রিকোয়েন্সী অ্যাবলেশন, কার্ডিয়াক ক্যাথ পরীক্ষাসহ নানা ধরনের পরীক্ষা ও চিকিৎসা ইন্টারভেনশনাল কার্ডিওলজির অর্ন্তভূক্ত।
উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজি আজ আন্তর্জাতিক মান অর্জনের পথে। এই প্রচেস্টায় বিআইটি বিশেষ অবদান রেখে চলেছে। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, তথ্যের আদান প্রদান, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবহারিক কর্মশালার আয়োজন ছিল এবারের সম্মেলনে। প্রতিষ্ঠার পর থেকে এক দশকেরও কম সময়ে বিআইটি আন্তর্জাতিক অংগনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হৃদরোগ চিকিৎসা নিয়ে গবেষণা করে, বিশ্বের এরকম শীর্ষস্থানীয় সংগঠন সমূহ যেমন টিসিটি, টিসিটিএপি, ইউরো পিসিআর , এসসিএআই নিজেদের সাথে বিআইটি কে দিনদিন সম্পৃক্ত করে তুলছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন ‘বিআইটি সামিট-২০২৪’-এর কর্মকান্ডে এদেশের ইন্টারভেনশনাল হৃদরোগ চিকিৎসা বিজ্ঞান আরো সমৃদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিআইটি’র চেয়ারম্যান ও কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান বলেন, ‘দেশের ইন্টারভেনশনাল হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাকে সমৃদ্ধশালী করার বিকল্প নেই। তার জন্য বিআইটি’র সকল কার্যক্রমকে ভবিষ্যতে আরও বেগবান করা হবে। দেশের রোগীরা যাতে কম খরচে দেশে বসেই আন্তর্জাতিক মানের সকল হৃদরোগ চিকিৎসা সেবা নিতে পারে, সেটাই বিআইটি’র লক্ষ্য।’
Posted ২:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam