| বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
সাবেক কোম্পানি সচিব মোল্লা গোলাম মোহাম্মদের দায়িত্ব হস্তান্তরে গড়িমসি
গত ৩ ফেব্রুয়ারি ন্যাশনাল টি কোম্পানির নতুন নিয়োগপ্রাপ্ত সচিবকে শেয়ারের হিসাব বুঝিয়ে দিতে গড়িমসি করছেন সম্প্রতি ওএসডি হওয়া কোম্পানি সচিব মোল্লা গোলাম মোহাম্মদ।
গত বছর মোল্লা গোলাম মোহাম্মদ পদে থাকার সময় এনটিসির প্লেসমেন্ট শেয়ার অবৈধ বন্টন নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ন্যাশনাল টি কোম্পানিটির বিগত ৫ বছরের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করে। বিএসইসির সেই তদন্ত কমিটির প্রতিবেদন এখন প্রকাশের অপেক্ষায় রয়েছে। এদিকে নতুন করে বিপুল শেয়ারের হিসাবে গড়মিল হওয়ায় কোম্পানি শেয়ারহোল্ডারদের কাক্সিক্ষত সেবা দিতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৎকালীন ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসান এবং কোম্পানি সচিব মোল্লা গোলাম মোহাম্মদ এনটিসি’র পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই অবৈধ উপায়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গত বছর সেপ্টেম্বর মাসে কতিপয় শেয়ারহোল্ডারের কাছে প্রায় ৪৪ লাখ ইউনিট প্লেসমেন্ট শেয়ার হস্তান্তর করেন। যা তাদের এখতিয়ার বহির্ভূত। উক্ত শেয়ারের মূল্যমান প্রায় ৫৩ কোটি টাকা। এতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এনটিসির শেয়ারের দাম অকস্মাৎ কমে যায়। শত শত শেয়ারহোল্ডার তাদের অর্ধেক পুঁজি হারিয়ে পথে বসে যান। এ বিষয়ে বিএসইসির পাশাপাশি কোম্পানির বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তকালে মোল্লা গোলাম মোহাম্মদকে ওএসডি করা হয়।
জানা যায়, কোম্পানির বেশ কিছু শেয়ারের হিসাব মিলাতে না পেরে প্রায় দুইমাস অতিবাহিত হওয়ার পরও মোল্লা গোলাম মোহাম্মদ নতুন কোম্পানি সচিব আজাদ চৌধুরীর কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করছেন। তাকে অবিলম্বে শেয়ারসহ অন্যান্য রেকর্ড বুঝিয়ে দেয়ার জন্য ৩ বার চিঠি দেওয়া হয়েছে।
শেয়ার হিসাব না মেলার বিষয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আহসানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এ বছর ফেব্রুয়ারীর প্রারম্ভে কোম্পানিতে যোগ দিয়েছি। আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি, তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।” এর আগেও মোল্লা গোলাম মোহাম্মদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকার কাঁচা চা পাতা বিক্রি, অবৈধ উপায়ে কোম্পানি সচিব পদে পদোন্নতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। ক্রমাগত লোকসানে জর্জরিত ন্যাশনাল টি কোম্পানির শেয়ার নিয়ে নতুন কেলেংকারীর বিষয়ে জড়িত মোল্লা গোলাম মোহাম্মদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন শেয়ার হোল্ডাররা।
মোল্লা গোলাম মোহাম্মদ সাবেক প্রধানমন্ত্রীর পিএস প্রভাবশালী আমলা নিশাত রাসুলের আপন মামা। নিশাত রাসুলের প্রভাবে তিনি ছিলেন, এই কোম্পানির দণ্ডমুণ্ডের কর্তা।
এ বিষয়ে গোলাম মোহাম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি ইতিমধ্যে এমডি সাহেবকে মৌখিকভাবে অবহিত করেছি। তবে সফটওয়্যারের ত্রুটি থাকার কারণে এমনটি ঘটেছে। সফটওয়্যার প্রতিষ্ঠান ডাটা হেডের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা দেশের বাইরে থাকার কারণে শেয়ার হিসাব মেলাতে কিছুটা ত্রুটি হচ্ছে। অচিরেই বিষয়টি সুরাহা করা যাবে।
Posted ৫:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam