বাংলাদেশ ডেস্ক | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | প্রিন্ট | 100 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে সহায়তা করতেই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। খবর বাসসের
সাক্ষাৎকালে উজরা জেয়া প্রধানমন্ত্রীকে বলেন, ‘কোনো দলের প্রতি আমাদের পক্ষপাতিত্ব নেই। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’
জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা সবসময়ই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে লড়াই করেছি এবং ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে ছাত্রজীবন থেকে এবং এমনকি বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগ জনগণের অধিকারের জন্যে সবসময়ই লড়াই করেছে।
তিনি বলেন, ‘আমরা সবসময়ই জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকারের জন্যে লড়াই করেছি।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড. ডোনাল্ড লু ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছায়। প্রতিনিধিদলে মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও রয়েছেন।
Posted ১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam