ব্যাংক ডেস্ক | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 208 বার পঠিত
সংগৃহীত ছবি
এখন থেকে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরীয়াহ ভিত্তিক নিদর্শনপত্র পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার মধ্যে হিসাব হবে না। এতে করে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ক্ষমতা বেড়েছে। সংশোধিত ব্যাংক কোম্পানির আলোকে কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এখন থেকে পুঁজিবাজারে বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে নতুন ছকে রিপোর্ট করতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৩ সালে ব্যাংক কোম্পানি আইনের ২৬(ক) ধারার সংশোধনী অনুযায়ী– পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরীয়াহ ভিত্তিক নিদর্শনপত্র বিনিয়োগ সীমার অন্তর্ভুক্ত হবে না। এ অনুযায়ী পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিবরণীর ছক সংশোধন করা হয়েছে। এ আলোকে এখন থেকে রিপোর্ট করতে হবে। সার্কুলারের সঙ্গে নতুন ছক সংযুক্ত করে দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইনের ২০১৩ সালের সংশোধন অনুযায়ী, একটি ব্যাংক তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম হিসেবে রক্ষিত স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের ২৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সহযোগি কোম্পানিসহ শেয়ারবাজারে ব্যাংকের সমন্বিত বিনিয়োগ সীমা ঠিক করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। সমন্বিত পদ্ধতিতে বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের ৫০ শতাংশ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। এই বিনিয়োগ সীমা হিসাবের ক্ষেত্রে কোন বিষয় বিবেচনায় নিতে হবে তা উল্লেখ রয়েছে।
Posted ২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam