| শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 180 বার পঠিত
সংগৃহীত ছবি
টম ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের দলে অভিজ্ঞতার অভাবটা স্পষ্ট। ওয়ানডে অধিনায়ক কেন উইলিয়ামসনসহ গত বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১১ জন নেই এ সিরিজে। তাদের অনুপস্থিতিতে অনেকেই সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে আছেন তিন নবীন অলরাউন্ডার জশ ক্লার্কসন, ফাস্ট বোলার উইল ও’রোরকে ও লেগস্পিনার আদিত্য অশোক।
হ্যামস্ট্রিং চোটের কারণে গতকাল ছিটকে গেছেন অভিজ্ঞ পেস অলরাউন্ডার কাইল জেমিসনও। তাঁর জায়গায় ডাকা হয়েছে বেন শিয়ার্সকে। ছয়টি টি২০ খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২৫ বছর বয়সী এ ফাস্ট বোলারের। তবে নবীনদের নিয়ে আশাবাদী কিউই দলপতি ল্যাথাম।
উইলিয়ামসনের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে দলের নিয়মিত সদস্য ড্যারেল মিচেল, টিম সাউদি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েকে। চোটের কারণে বাইরে জিমি নিশাম, লকি ফার্গুসন, ম্যাট হেনরি। তারকা পেসার ট্রেন্ট বোল্ট মধ্যপ্রাচ্যে ফ্যাঞ্চাইজি লিগে ব্যস্ত। বিশ্বকাপের আগে চোটে পড়া মিচেল ব্রেসওয়েল, হেনরি শিপলেও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। তাই বাংলাদেশের বিপক্ষে প্রায় নতুন একটি দল নিয়ে নামবে কিউইরা। তাই বলে হতাশ নন অধিনায়ক ল্যাথাম। তরুণদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
নবীনদের জন্য এ সিরিজে ভালো মঞ্চ হয়ে উঠতে পারে বলেও গতকাল ডানেডিনে বলেছেন তিনি, ‘কজন বিশ্রাম নিচ্ছে বলেই তো নতুনদের জন্য সুযোগ তৈরি হয়েছে। আশা করছি, নবীনরা এই সুযোগ ভালোভাবে কাজে লাগাবে। নিজেদের সর্বোচ্চ দক্ষতা তারা দেখাবে বলেই আমার প্রত্যাশা। আমাদের লক্ষ্য হচ্ছে, নিজেদের খেলার ধরনটা বজায় রেখে মাঠে পারফর্ম করা।’
ল্যাথাম ভীষণ আশাবাদী বোলিং নিয়ে, ‘আমাদের এই দলের বোলিং আক্রমণ সত্যিকার অর্থেই বেশ রোমাঞ্চকর। আমাদের সব বোলারের বলেই পেস ও বাউন্স আছে। যেটা এই কন্ডিশনে খুবই গুরুত্বপূর্ণ। সুইংও করাতে পারে তারা।’
পেসার উইল ও’রোরকে ও বেন শিয়ার্স পরিচিত তাদের গতি ও বাউন্সের জন্য। ইংল্যান্ডে জন্ম নেওয়া ও’রোরকে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গত বছর অভিষেক মৌসুমেই চমক দেখিয়েছেন। ক্লার্কসন ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছেন। ভারতীয় বংশোদ্ভূত ২১ বছর বয়সী লেগি অশোককে নিয়েও বেশ আশাবাদী কিউইরা। গত আগস্টে তাঁর টি২০ অভিষেক হয়েছে। তাদের ওপর ভর করেই সিরিজ জয়ের আশা করছে কিইউরা।
তবে বাংলাদেশের সঙ্গে জোর লড়াইয়ের প্রত্যাশা করছেন ল্যাথাম, ‘লম্বা সময় দেশের বাইরে ছিলাম। বাড়ি ফিরে নিজেদের কন্ডিশনে খেলব বলে ভালো লাগছে। বাংলাদেশও মাত্রই টেস্ট সিরিজ খেলে এসেছে। তাদের বিপক্ষে এই কন্ডিশনে গত কয়েক বছরে বেশ কয়েকবার খেলেছি। ব্যাটিংয়ের দিক থেকে বলতে পারি, তাদের কিছু খেলোয়াড়ের বিপক্ষে আমাদের খেলার অভিজ্ঞতা হয়নি। চ্যালেঞ্জটা তাই বড়ই হবে।’
Posted ২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam