শিল্প ও বাণিজ্য ডেস্ক | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত
সংগৃহীত ছবি
আমদানি-রফতানি বাণিজ্যের ব্যয় ও সময় কমিয়ে আনতে হবে। এজন্য কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশনের দিকে নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের কাস্টমস পলিসির সদস্য মো. মাসুদ সাদিক। এছাড়া আরো বক্তব্য দেন ভ্যাট নীতির সদস্য জাকিয়া সুলতানা, কৃষি সচিব ওয়াহিদা আক্তার ও ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান আবদুল মুক্তাদির প্রমুখ।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি হলেও আমাদের কর-জিডিপি অনুপাত সন্তোষজনক পর্যায়ে উন্নীত হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের প্রচেষ্টায় এটা সন্তোষজনক পর্যায়ে উন্নীত হবে।’
তিনি বলেন, ‘বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে। এছাড়া অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে কাস্টমসের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।’
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘এলডিসি থেকে উত্তরণের পর বিভিন্ন জায়গা থেকে ভর্তুকি বা প্রণোদনা প্রত্যাহার করতে হবে। এতে আমাদের ব্যবসা, উৎপাদন বা শিল্পের সক্ষমতা কমে যাবে বলে আমি মনে করি না, এগুলো আরো বেশি সক্ষম হবে।’ তিনি জানান, দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে কাস্টমস থেকে রাজস্ব আদায় কমে যাবে। কিন্তু কাস্টমসের গুরুত্ব বাড়বে। কাস্টমস হাউজে গত কয়েক বছরে ইনভয়েসের সাইজ তিন গুণ বেড়েছে, কিন্তু সেই হারে রাজস্ব আদায় বাড়েনি। জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগের জন্য অর্থ সচিবকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘সাত বছর আগে আমি অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হয়েছি, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। আপনারা আরো প্রতিষ্ঠান বাড়িয়েছেন, কিন্তু আমাদের অনুরোধ আপনারা এটাকে বাস্তবায়ন করেন। আমদানি করার সঙ্গে সঙ্গে যাতে পণ্যগুলো আমাদের ওয়্যারহাউজে আনতে পারি, সেটা বাস্তবায়ন করেন।’ তিনি জানান, সরকার কৌশলগতভাবে দেশে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস (এপিআই) শিল্প গড়ে তুলতে চায়। কিন্তু এ শিল্পের জন্য পণ্য এনে খালাস করতে সাত-আট মাস লেগে যায়। সহজে অনুমতি মেলে না। একটি সিঙ্গেল উইন্ডোর মধ্যে এ আমদানি প্রক্রিয়া আনতে পারলে এ শিল্পের জন্য অনেক বড় সুবিধা হবে। এছাড়া এলসির তথ্যে ভুল হলে যাতে দ্রুত তা সংশোধন করা যায় সে ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দপ্তরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam