| মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 89 বার পঠিত
হার্টে রিং পরানোর পর ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে তামিম
সাভারের বিকেএসপিতে গতকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে দু-দুবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। গুরুতর অসুস্থ এ ক্রিকেটারকে স্থানীয় কেপিজে স্পেশালাইজড হাসপাতালে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করানোর পর ব্লক ধরা পড়লে তৎক্ষণাৎ রিং পরানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর রাজীব হাসান গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, ‘যত ধরনের চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশন অনুকূলে আছে। ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুদলি ও ইফিশিয়েন্টলি হয়েছে। ওনার এ ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।’
তবে জটিলতা পুরোপুরি কাটেনি বলে তিনি জানান। রাজীব হাসান গতকাল বলছিলেন, ‘এখনো পুরোপুরি জটিলতা কাটেনি। একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট পরানোর পরও তিনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, একটু সময় লাগবে।’
গতকালই তামিমের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন। আগামী ৪৮ ঘণ্টা তামিম পর্যবেক্ষণে থাকবেন। এর মধ্যে ২৪ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।
এদিকে কৃতী ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল প্রধান উপদেষ্টার পক্ষে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন। পরে নিজাম উদ্দিন জানান, তারা তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে আপডেট দেবেন।
বিকেএসপিতে গতকাল প্রিমিয়ার লিগের মোহামেডান-শাইনপুকুর ম্যাচে টসের আগে ওয়ার্মআপের সময়ই তামিম কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। টস করে ড্রেসিং রুমে ফেরার পর সেটা আরো বাড়ে। মোহামেডান কর্মকর্তাদের তিনি জানান, তার খারাপ লাগছে, মুখের দিকে ব্যথা হচ্ছে। তখন দ্রুত তামিমকে বিকেএসপির কাছের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে যাওয়ার পর ইসিজি ও আরো কিছু পরীক্ষা করা হয় তামিমের। কেপিজে হাসপাতালে প্রাথমিকভাবে কিছু ধরা না পড়ায় তামিম ভেবেছিলেন, ঢাকায় গিয়ে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করাবেন। এরই মধ্যে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারান তিনি। তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল বলে জানান ম্যাচ রেফারি দেবব্রত পাল। এমনকি তার পালসও পাওয়া যাচ্ছিল না।
তখন সিদ্ধান্ত পাল্টে বেলা ১১টা ২০ মিনিটের দিকে তামিমকে আবার কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে পুরো সময়টাই তার বুকে পাঞ্চ করতে থাকেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী। তামিমের অবস্থা তখন অনেকটাই সংকটাপন্ন ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তিনি কারো কোনো ডাকেই সাড়া দিচ্ছিলেন না।
হাসপাতালে নেয়ার পর প্রথমে তামিমকে রাখা হয় লাইফ সাপোর্টে। পরে অবস্থার একটু উন্নতি হলে হাসপাতালের কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও রিং পরানো হয়।
তামিমের দ্রুত চিকিৎসায় সাহায্য করার জন্য বিকেএসপি ও কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া উপদেষ্টার কার্যালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সার্বক্ষণিক তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে। বিসিবিও তামিমের চিকিৎসায় সব রকম সহায়তা করবে।’
তামিমের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্য ও সতীর্থরা হাসপাতালে ছুটে যান। বিকেএসপিতে ম্যাচ খেলে হাসপাতালে যান দীর্ঘ সময়ের সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার তাইজুল ইসলামসহ অন্যরা। এছাড়া মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান থেকে শুরু করে দেশী-বিদেশী ক্রিকেটার এবং বিভিন্ন ক্রীড়ার তারকারা তামিমের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ১০টি, ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নেয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের সমাপ্তিরেখা টেনেছেন ৩৬ বছর বয়সী তামিম।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam