| মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 178 বার পঠিত
ম্যাচ শেষ হতেই হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা
২-১ গোলের জয়। খেলা শেষের বাঁশি বাজার আগেই টার্ফ মুর স্টেডিয়ামে শুরু হয়ে গেল উৎসব। বার্নলি ফিরছে প্রিমিয়ার লিগে– এটাই উৎসবের কারণ। তবে উৎসব করতে গিয়েই কি না মাত্রা ছাড়িয়ে গেলেন বার্নলির সমর্থকরা। প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের ওপর চড়াও হয়েছেন, মৌখিকভাবেও খুব একটা শোভনীয় ছিল না আচরণ।
তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারেনি ব্রিটেনের গণমাধ্যম। ডেইলি সান জানিয়েছে, সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। এসময় বার্নলির খেলোয়াড়রাও হামজার বিপক্ষে তর্কে জড়িয়ে পড়েন। ম্যাচ হারার পর অনেকটা সময় ধৈর্য্য ধরে রাখলেও একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাংলাদেশের এই তারকা।

তিনিও পাল্টা এগিয়ে যান বার্নলি সমর্থকদের দিকে। একপর্যায়ে একজন পুলিশ এসে হামজাকে সরিয়ে নেন। হামজার সতীর্থরাও এসময় এগিয়ে আসেন তাকে নিরাপদে সরিয়ে নিতে।
এই জয়ে বার্নলি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে ফেরা। এই জয়ের পর অবশ্য লিডস ইউনাইটেডও নিশ্চিত করেছে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। অন্যদিকে শেফিল্ডকে হারানোর পর বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে। তিনে থাকা শেফিল্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।
Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam