| সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই ভারতের কর্তৃত্ব। টি-টোয়েন্টিতেও রাজত্ব করে এসেছে তারা। ২০২২ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয় পাওয়া ভারত এবার এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও হারাল পাকিস্তানকে। গতকাল দুবাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিবেশী দেশটিকে ৭ উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। টি-টোয়েন্টিতে ১৪ বারের মোকাবেলায় এটা ভারতের ১১তম জয়!
এর আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে সবাইকে অবাক করেন পাকিস্তান দলনায়ক সালমান আগা। এ মাঠে যে পরে ব্যাট করা দলগুলোরই জয়জয়কার। মূলত বড় রান তুলে ভারতকে চাপে রাখার পরিকল্পনা ছিল সালমান আগার। যদিও উল্টো ভারতই তাদের চাপে ফেলে দেয়। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। সেই রান তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলেন সূর্যকুমাররা। ভারতীয় দলনায়ক ৩৭ বলে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অভিষেক শর্মা ১৩ বলে ৩১ ও তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান করে।
এর আগে পেস বোলার হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ দ্রুত দলকে সাফল্য এনে দেন। পান্ডিয়ার করা প্রথম ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড। পরের প্রথম বৈধ বলে পয়েন্টে জসপ্রীত বুমরাহকে ক্যাচ দেন সাইম আইয়ুব (০)। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ হারিসকে (৩) সাজঘরে ফেরান বুমরাহ। তার বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে পান্ডিয়াকে ক্যাচ দেন হারিস।
এরপর ভারতের স্পিনাররা কর্তৃত্ব করেন। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব ১২ ওভারে ৬০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। কুলদীপ ১৮ রানে তিনটি ও অক্ষর ১৮ রানে দুটি উইকেট নেন। ২৪ রান খরচ করা বরুণের শিকার এক উইকেট। সাহিবজাদা ফারহান সর্বোচ্চ ৪০ রান করেন ৪৪ বলের মোকাবেলায়।
Posted ৭:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam