| শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত
বীমা খাতের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের প্রথম সমন্বিত ইন্স্যুরটেক অ্যাপ চালু করেছে ল্যাবএইড গ্রুপ।
এ উপলক্ষে বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ল্যাবএইড ইন্স্যুরটেক কোম্পানি লিমিটেড’-এর সফট লঞ্চ অনুষ্ঠিত হয়। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে সহজ, সাশ্রয়ী এবং প্রযুক্তিনির্ভর বীমা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। ল্যাবএইডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতি ও আধুনিক গ্রাহকসেবার চাহিদাকে সামনে রেখে অ্যাপটি উন্নয়ন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে সহজে বীমা সুবিধা গ্রহণ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া গ্রুপের পরিচালক ডা. সুচরিতা আহমেদ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের পরিচালক মাসতুরা ফারজানা মোহনা এবং ল্যাবএইড ইন্স্যুরটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরিফ মোহাম্মদ আবিদও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও অংশ নেন চার্টার্ড লাইফ, প্রগতি লাইফ, মেঘনা লাইফ, মাইক্রোমাস্টার ইন্স্যুরেন্স বেলজিয়াম এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা হেলথ, লাইফ, মোটর, ট্রাভেল, পেট (পোষা প্রাণী), ক্রপ (শস্য), ডিভাইস এবং প্রপার্টি ইন্স্যুরেন্সসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। এতে আরও রয়েছে অনলাইন ক্লেইম জমা, রিয়েল-টাইম ট্র্যাকিং, ই-কেওয়াইসি এবং ক্যাশলেস চিকিৎসা সুবিধা।
প্ল্যাটফর্মটির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, বাংলাদেশের বীমা খাতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই-পাওয়ার্ড) ইন্স্যুরেন্স ই-কেওয়াইসি সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও নিরাপদ হবে। পাশাপাশি নির্দিষ্ট যোগ্য ক্লেইম মাত্র ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির সক্ষমতা প্ল্যাটফর্মটিকে বাজারে বিশেষ অবস্থানে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সাকিফ শামীম বলেন, বীমা খাতকে আরও স্বচ্ছ, সহজ ও সর্বজনীন করে তোলাই তাদের মূল উদ্দেশ্য। এই অ্যাপটি মানুষের আর্থিক নিরাপত্তার একটি আধুনিক ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এতে এমবেডেড ইন্স্যুরেন্স এবং মাইক্রো-ইন্স্যুরেন্স সুবিধা যুক্ত করা হবে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীও সহজে বীমার আওতায় আসতে পারে।
উল্লেখ্য, ল্যাবএইড ইন্স্যুরটেক ইতোমধ্যে প্রগতি ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কার্যক্রম শুরু করেছে।
Posted ৮:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam