| বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত
শামীমের মারকুটে ব্যাটিং নিয়ে যা বললেন বিসিবির নির্বাচক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। বুধবার (১৯ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১২৯ রানের পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে ২৭ রানে জিতেছে টাইগাররা। সিরিজ নিশ্চিতে দুটি জয়েই ব্যাট হাতে বড় অবদান শামীম পাটোয়ারীর। তার মারকুটে ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।
সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, ‘শামীমকে আমরা শুরু থেকেই দলে নিয়েছিলাম। কারণ, এমন ব্যাটারই আমরা চাইছিলাম। তবে তার ওপর অনেক প্রত্যাশা ছিল, যা তাকে চাপে ফেলে দেয়। সেই সময় তার পারফরম্যান্স ভালো হয়নি। কিন্তু এখন সে ওই জায়গায় উন্নতি করেছে। এমন শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে তার পারফরম্যান্স প্রমাণ করে দিচ্ছে, সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত।’
এদিকে টাইগারদের বর্তমান বোলিং আক্রমণ সময়ের সেরা লাইন-আপ বলেও মন্তব্য এই নির্বাচকের। তার ভাষ্যমতে, ‘আমার ক্রিকেট জীবনের সময়কাল থেকে বলব, আমাদের দল এখন সবচেয়ে সেরা বোলিং লাইন-আপ নিয়ে খেলছে। আগে আমরা স্পিননির্ভর ছিলাম। কিন্তু এখন সব ধরনের আক্রমণ আমাদের আছে। এমনকি বেঞ্চেও এখন দুর্দান্ত মানের বোলাররা বসে থাকে। পেস বোলিং শক্তিশালী হওয়ায় দলের ভেতরের বন্ধন আরো দৃঢ় হয়েছে।’
অন্যদিকে ওয়ানডে সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি বাংলাদেশ। ফলে ৫০ ওভারের ফরম্যাটে হোয়াইটওয়াশ হয় লাল-সবুজেরা।
এ নিয়ে সাবেক তারকা স্পিনার রাজ্জাক বলেন, ‘ম্যাচের বিভিন্ন সময়ে আমরা মোমেন্টাম পেয়েছিলাম, কিন্তু তা ধরে রাখতে পারিনি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা সেটা ক্লিক করতে পেরেছি। যদি কোনো একটি বিভাগ খারাপ করে, অন্য একটি বিভাগ সেটি কাভার করার চেষ্টা করে। এটাই দলের শক্তিশালী কম্বিনেশন। আজকের (গতকাল) ম্যাচে বোলাররা সেটাই করেছে।’
Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam