জাতীয় ডেস্ক | বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 110 বার পঠিত
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্লোভ-নির্মোহ মানুষ ছিলেন। ক্ষমতার জন্য তিনি কখনও রাজনীতি করেননি। এ বিষয় স্পষ্টভাবে প্রতীয়মান হয় তার কালজয়ী ৭ মার্চের ভাষণে।
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠান আয়োজ করে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই বঙ্গবন্ধু সংবিধান প্রণয়নের দায়িত্ব দিয়েছিলেন। ক্ষমতার সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েই নিজের পরিকল্পনা প্রণয়ন করতেন তিনি। কাজেই তার প্রত্যেকটা কাজের পেছনে অকাট্য আইনগত ভিত্তি ছিল। আইনের কোনো ব্যত্যয় তিনি ঘটাননি।
স্পিকার আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন।’ এটাই ইতিহাসের অমোঘ সত্য। স্বাধীনতার পর দেশে ফিরেই তিনি সংবিধান প্রণয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। এটা তাঁর বিচক্ষণতা এবং গভীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহন করে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব এস এম আলম।
Posted ৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam