| বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 308 বার পঠিত
যুক্তরাষ্ট্রে কলেজ ও স্কুলে ‘সাম্যনীতি’ বন্ধে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৩ এপ্রিল) একাধিক নির্বাহী আদেশে দেশটির শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তিনি ‘ওকনেস’ ও বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি (ডিইআই) বিষয়ক উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেন, যা তার মতে শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিকরণ করছে। খবর এপি।
এক নির্বাহী আদেশে তিনি দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশী অর্থায়নের তথ্য গোপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শিক্ষা বিভাগ ও অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন। ১৯৮০ সালের হায়ার এডুকেশন অ্যাক্টের ধারা ১১৭ অনুযায়ী, আড়াই লাখ ডলার বা তার বেশি বিদেশী অনুদান বা চুক্তি গ্রহণ করলে তা জানানো বাধ্যতামূলক। তবে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ডসহ বহু প্রতিষ্ঠান এই আইন লঙ্ঘন করেছে।অন্য একটি আদেশে ট্রাম্প ফেডারেল অর্থায়নের যোগ্যতা নির্ধারণকারী অ্যাক্রেডিটেশন সংস্থাগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে চান। তার দাবি, এসব সংস্থা ডিইআই নীতিকে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিচ্ছে, যা শিক্ষা ব্যবস্থায় তৈরি করছে বিভাজন। তিনি চান, এই সংস্থাগুলো যেন কেবল শিক্ষার্থীদের ফলাফল ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির দিকেই মনোযোগ দেয়।
স্কুল শিক্ষায় শৃঙ্খলাবিধির ক্ষেত্রেও ট্রাম্প বৈষম্যবিরোধী নীতি বাতিলের নির্দেশ দেন। ওবামা প্রশাসনের সময় চালু হওয়া নীতিতে বলা হয়েছিল, কালো ও আদিবাসী শিক্ষার্থীদের প্রতি অনুপাতে বেশি শাস্তি দেয়া হলে তা বৈষম্যের শামিল। ট্রাম্প এখন সেই নীতিকে ‘বর্ণভিত্তিক বৈষম্য’ বলে অভিহিত করছেন।
আরো একটি আদেশে ‘ডিসপারেট ইমপ্যাক্ট থিওরি’ বা ‘পলিসি ইচ্ছাকৃত না হলেও যদি তা সংখ্যালঘুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে’—এই ধরনের নীতি পর্যালোচনার নির্দেশ দেয়া হয়েছে।
তবে অন্যদিকে, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে প্রযুক্তি ও অর্থনীতির খাতে প্রস্তুত করতে নতুন ‘হোয়াইট হাউস ইনিশিয়েটিভ’ চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে, স্কুল পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দিতে একটি ফেডারেল টাস্কফোর্স গঠনের নির্দেশও দিয়েছেন তিনি।
ট্রাম্প এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকমাহনকে আগামী ৬০ দিনের মধ্যে স্কুলের শৃঙ্খলাবিধি বিষয়ে নতুন দিকনির্দেশনা জারির নির্দেশ দিয়েছেন। এই নির্বাহী আদেশে এমন সব অলাভজনক সংস্থার পর্যালোচনারও নির্দেশ দেয়া হয়েছে, যারা সাম্যভিত্তিক শৃঙ্খলানীতি প্রচার করেছে এবং নিশ্চিত করতে বলা হয়েছে যেন তারা ফেডারেল অর্থায়ন না পায়।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam