| বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 139 বার পঠিত
দেশের লাইফ ও নন লাইফ বীমা ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয় কমানোর প্রস্তাব দিয়ে ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সংশোধিত বিধিমালার খসড়ায় মতামত চেয়ে গত ১০ ও ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও ইন্স্যুরেন্স ফোরামকে চিঠি দিয়েছে আইডিআরএ।
তবে ইতিমধ্যে ব্যবস্থাপনা ব্যয় কমানোর এই প্রস্তাবে নেতিবাচক অভিমত প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, বিধিমালা সংশোধন হতে পারে কিন্তু ব্যবস্থাপনা ব্যয় কমাতে নয়, সময়োপযোগী করতে। যেখানে বেশিরভাগ কোম্পানিরই যৌক্তিক কারণে ব্যবস্থাপনা ব্যয় বেড়ে যাচ্ছে, সেখানে কমানোর প্রস্তাব অযৌক্তিক।
বীমা খাতের একাধিক অংশীজন বলেছেন, সময়ের ব্যবধানে বাজার দর বেড়ে একদিকে যেমন বীমা সংযশ্লিষ্টদের প্রাত্যহিক ব্যয় বেড়েছে, তেমনি তাদের ইনক্রিমেন্ট দিতে গিয়ে কোম্পানির ব্যয়ও বেড়েছে। এছাড়া সরকারের বিভিন্ন ফিও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিতে হবে এবং বাস্তবতার নিরিখে ব্যবস্থাপনা ব্যয় নির্ধারণ করতে হবে। ১৮ সাল বা ২০ সালের হিসাব করে এখন ব্যয় নির্ধারণ করলে কোম্পানিগুলোর টিকে থাকা ঝুঁকিতে পড়বে।
সংশোধনী প্রস্তাবের উপর মতামত চেয়ে আইডিআরএ’র পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বিদ্যমান লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা , ২০২০ এ বর্ণিত পরিমাণ অনুযায়ী প্রাপ্ত প্রিমিয়ামের উল্লেখযোগ্য অংশ বীমাকারী কর্তৃক ব্যবস্থাপনা ব্যয়ে খরচ করার কারণে পলিসি প্রিমিয়ামের সিংহভাগ অংশই খরচ হয়ে যাচ্ছে। এতে বীমাকারী ভবিষ্যতে বীমা পলিসির প্রিমিয়াম হতে বীমা গ্রাহকদের বীমা দাবি পরিশোধের সক্ষমতা হারাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতসহ অন্যান্য দেশে ব্যবস্থাপনা ব্যয়ের এ হার আমাদের চেয়ে অনেক কম। বীমাকারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বীমাগ্রাহকদের প্রিমিয়াম হতে বীমা দাবি যথাসময়ে পরিশোধের সক্ষমতা নিশ্চিতকল্পে ব্যবস্থাপনা ব্যয় সংকোচন করা প্রয়োজন মর্মে কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হওয়ায় বীমাকারীর ব্যবস্থাপনা ব্যয় সংকোচনের লক্ষ্যে কর্তৃপক্ষ কর্তৃক বিষয়োক্ত বিধিমালার একটি সংশোধন খসড়া প্রস্তুত করা হয়েছে (সংযুক্ত)। প্রস্তুতকৃত খসড়া প্রজ্ঞাপন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন/বিশেষজ্ঞ/জনসাধারণের সুচিন্তিত মতামত আগামী ১৫ (পনের) দিনের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
Posted ৯:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam