| সোমবার, ১৯ মে ২০২৫ | প্রিন্ট | 160 বার পঠিত
তাণ্ডবের টিজারে ঝড়ের পূর্বাভাস দিলেন শাকিব খান
আসন্ন কোরবানি ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। গত ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার।
নির্মাতা রায়হান রাফী পরিচালিত তাণ্ডব ঘিরে এরই মধ্যে দর্শক উন্মাদনা তুঙ্গে। এবার সে উন্মাদনা আরো বাড়িয়ে দিলেন শাকিব খান। প্রকাশ করলেন সিনেমাটির টিজার।
গতকাল সকালে সিনেমাটির টিজার প্রকাশ করেন শাকিব খান। সঙ্গে লেখেন, ‘সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস!’
টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন। যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায়, সে মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়।
একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।
টান টান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিবভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার।
টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাংকি মাস্ক। শাকিব খানসহ অনেককেই মাস্কটি পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। কোনো প্রকার ইঙ্গিত দেননি পরিচালক। রায়হান রাফী বলেন, ‘এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ প্রকৃতিতে তাণ্ডব উঠতে যাচ্ছে। তাণ্ডবের সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।’
গত দুই কোরবানি ঈদে রায়হান রাফী পরিচালিত সিনেমা হয়েছে সুপারহিট। আসছে কোরবানি ঈদেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তিনি। বলেন, ‘এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি যে দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শককে ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারো দর্শক নতুন কিছু পাবে।’
সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্র তো সিনেমার কিছু দৃশ্য দেখল দর্শক। এতে করে সিনেমাটি নিয়ে দর্শকের এক রকম আগ্রহ তৈরি হবে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরো অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকের ভালো লাগবে আশা করি। তবে আমাদের টার্গেট এ সিনেমা দেখে যেন দর্শক তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বর্থকতা।’
১৭ মে বিকালে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের অভিনীত ও রায়হান রাফী পরিচালিত তাণ্ডব সিনেমার একটি পোস্টার আপলোড করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১টা ৩০-এ!’ অবশেষে বিনাশের বার্তা নিয়ে হাজির হলেন এ মেগাস্টার।
Posted ৫:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam