| বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
‘ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে’
ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তাকে ছাড়াও এ আয়োজনে বেশকিছু জনপ্রিয় তারকা স্টাইল অ্যান্ড গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। ১৭ মার্চ সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান।
ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্মফেয়ার জিতেছেন।
অ্যাওয়ার্ড হাতে একগুচ্ছ ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এ স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে। এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’
এদিন জয়া পরেছিলেন একটি জলপাই রঙের শাইনি সিল্ক হাই স্লিট গাউন। এ গাউনের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী।
পুরস্কার পাওয়ার পর জয়া আহসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা। অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘আপা, আপনাকে অভিনন্দন। আমরা আপনাকে ভালোবাসি। আপনি আমাদের গর্ব।’
প্রসঙ্গত, বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেয়া হয় সেরাদের। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। টালিউড সিনেমায় কাজের সুবাদে এবার প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam