শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে মেয়েদের অনবদ্য সূচনা

  |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে মেয়েদের অনবদ্য সূচনা

বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে মেয়েদের অনবদ্য সূচনা

মিয়ানমারের ইয়াঙ্গুনে এএফসি উইমেনস এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে গতকাল ফিফা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে ছিল পিটার বাটলারের শিষ্যরা।

ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশের হয়ে দুটি গোল করেন স্ট্রাইকার তহুরা খাতুন। একবার করে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসকু ও শামসুন্নাহার জুনিয়র।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য করে খেলেছে বাংলাদেশের মেয়েরা। নবম মিনিটেই আসে প্রথম গোল। বাহরাইনের জালে বল জড়িয়ে বাংলাদেশকে লিড এনে দেন শামসুন্নাহার জুনিয়র। ১৫ মিনিটে স্বপ্না রানীর পাসে বল পেয়ে ডি-বক্সের কোনা থেকে বাম পায়ের জোরালো শটে গোল করেন ঋতুপর্ণা, যে গোলটি সাফ ফাইনালে তার গোলের কথা মনে করিয়ে দেয়।

৪০ মিনিটে জটলার মধ্য থেকে গোল করেন কোহাতি (৩-০)। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ডান পায়ের শটে দলের চতুর্থ গোল করেন তহুরা (৪-০)। যোগ করা সময়েই শামসুন্নাহারের বাড়ানো বল থেকে আরো একবার লক্ষ্যভেদ করেন তহুরা (৫-০)। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল পায় বাংলাদেশ (৭-০)। ম্যাচের ৬০ মিনিটে আত্মঘাতী গোল করেন বাহরাইনের রাওয়ান আলালী। এর ১৪ মিনিটে একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করেন মুনকি।

এশিয়ান কাপের বাছাই পর্বে এর আগে ৫ ম্যাচ খেলে জয়হীন ছিল বাংলাদেশ। ২০১৪ সালে ভিয়েতনামে তিন ম্যাচে হজম করে ১৫ গোল। ২০২২ সালে ভারতের মাটিতে পরের বাছাই পর্বেও দুই ম্যাচে বাংলাদেশ খেয়েছিল ১০ গোল। এবার ভিন্ন কিছুরই ইঙ্গিত দিলেন ঋতুপর্ণা, তহুরা খাতুনরা।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসছে ২১তম মেয়েদের এশিয়া কাপ। বাছাই পর্বে ৮ গ্রুপের খেলা হচ্ছে ৮টি ভিন্ন দেশে। এই ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন দল উঠবে মূল পর্বে, যেখানে আগেই কোয়ালিফাই করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া, ২০২২ আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান।

গতকাল জয়ের পর বুধবার মিয়ানমারের বিপক্ষে ও ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার (৫৫) ও বাহরাইন (৯২)। বাংলাদেশের অবস্থান ১২৮। আর তুর্কমেনিস্তান রয়েছে ১৪১ নম্বরে।

গতকাল গ্রুপের আরেক ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে স্বাগতিক মিয়ানমার। বুধবার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াইটা অনেকটাই নির্ধারণ করে দেবে, এ গ্রুপ থেকে কোন দল পাবে এশিয়া কাপের টিকিট।

পিটার বাটলারের বাংলাদেশ দল সম্প্রতি জর্ডান সফরে গিয়ে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেয়। সেখানে ইন্দোনেশিয়া ও জর্ডানের সঙ্গে ড্র করার কৃতিত্ব দেখান আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। সেই দুই ড্র দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবার এশিয়া কাপ বাছাইয়ের কঠিন বৈতরণী পার হওয়ার চ্যালেঞ্জ ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও আফঈদাদের জন্য। শুরুটা দুর্দান্ত হলো লাল-সবুজদের।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২০ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com