| মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 139 বার পঠিত
সংগৃহীত ছবি
ইন্টার মায়ামিতে কোনোভাবেই থামানো যাচ্ছে না লিওনেল মেসিকে। যতই দিন যাচ্ছে, ততই যেন ধারালো হচ্ছেন আর্জেন্টাইন জাদুকর। সোমবার তাঁর নৈপুণ্যে এফসি ডালাসের বিপক্ষে লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি। ৪-৪ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যান মেসি-বুসকেটরা। ১১ আগস্ট শেষ আটে লড়বেন তারা।
ডালাসের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। এর মধ্যে একটি খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে। ফ্রি কিক থেকে জাদুর মতো সেই গোলটি করতে না পারলে খেলা টাইব্রেকারে গড়াত না। আর মেসিদের জেতাও হতো না। এরপর টাইব্রেকারেও প্রথম শট নিয়ে গোল করেন বিশ্বকাপজয়ী এ তারকা। আমেরিকা গিয়ে চার ম্যাচে ৭ গোল করেছেন মেসি। এমএলএসের ইতিহাসে এটি রেকর্ড। এখানে অভিষেকের পর প্রথম চার ম্যাচে কেউই এত গোল করতে পারেননি। এখানেই শেষ নয়, অভিষেকের পর শুরুর একাদশে মাঠে নেমে টানা তিন ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড় তিনি।
ডালাসের বিপক্ষে ৮৫ মিনিটে বাঁ পায়ের ফ্রি কিকে করা মেসির গোলটিতে বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব। এমনকি প্রতিপক্ষের কোচও শত্রুতা ভুলে প্রশংসায় মাতলেন ওই গোলের। ডালাসের কোচ নিকো এস্তেভাজ হারের পর বলেন, ‘এটা (ফ্রি কিক) নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। সবাই দেখেছে কী হয়েছে। ওই জায়গায় তাঁর (মেসি) একটা ফ্রি কিক অন্য যে কোনো খেলোয়াড়ের পেনাল্টির মতো।’ তিনি আরও যোগ করেন, ‘আমি তো ভেবেছিলাম, আমরা জিততে যাচ্ছি। কিন্তু তাঁর ফ্রি কিকের জন্য হলো না।’ ডালাসের বক্সের ঠিক বাইরে, বাঁ পাশে ফ্রি কিক পাওয়ার পরই নাকি মায়ামির কোচ টাটা মার্টিনো বুঝে ফেলেছিলেন মেসি এটাতে গোল করবেন। তাই তো রেফারি বাঁশি বাজাতেই মুষ্ঠিবদ্ধ হাত ঝাঁকিয়ে উল্লাসে মেতেছিলেন আর্জেন্টাইন এ কোচ, ‘যে কারও এটা মনেই হবে যে সে এখান থেকে গোল করবে।’
৩৬ বছর বয়সে লিওনেল মেসি আমেরিকায় যা করছেন, তাতে হতবাক তাঁর ইন্টার মায়ামির সতীর্থরাও। সাতটি ব্যালন ডি’অরজয়ী এ তারকা যেন আমেরিকাতে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরতে পেরেছেন। যেটা গত দুই বছর পিএসজিতে দেখা যায়নি। মেসির পায়ের জাদুতে মুগ্ধ হওয়াদের দলে আছেন তাঁর ইন্টার মায়ামি সতীর্থ বেঞ্জামিন ক্রেমাসচি। ১৮ বছর বয়সী আর্জেন্টাইন বংশোদ্ভূত এ আমেরিকান বলেন, ‘তাঁর সঙ্গে খেলতে পারাটা আসলে স্বপ্নের মতো। তিনি ছাড়া অন্য কারও পক্ষে এমন জাদু দেখানো সম্ভব নয়। তিনি আজ দুটি অসাধারণ গোল করেছেন, অবশ্য প্রতি ম্যাচেই প্রায় জোড়া জোড়ায় গোল করছেন। এটা অবিশ্বাস্য।’
মেসি মাঠে থাকলে প্রতিপক্ষ নাকি ভূত দেখে। এমনই অভিমত যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টেলর টোয়েলম্যানের। প্রতিপক্ষ শিবিরে মেসির ভয় ধরানোর ক্ষমতাকে এনএফএল লিজেন্ড টম ব্রাডির তুলনা করেছেন তিনি। ডালাসের সঙ্গে জয়ের পর মেসিকে ভয় পাওয়ার উদাহরণ তুলে ধরেছেন টোয়েলম্যান। ৪-৪ গোলে ড্র হওয়া এ ম্যাচে মেসি দুটি দুর্দান্ত গোল করেছেন। তাঁর ভয়ে একটি আত্মঘাতী গোল হয়েছে বলেও মনে করছেন টোয়েলম্যান। তাঁর মতে, শুধু ভয়ের কারণেই মেসির একটি ফ্রি কিক নিজেদের জালে পাঠিয়ে দেন ডালাসের ডিফেন্ডার মার্কো।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam