| মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই...
আগামী ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। এরই মধ্যে শরিফুল রাজের পাশাপাশি আরেক অভিনেতা মোশাররফ করিমেরও লুক প্রকাশ হয়েছিল। এবার প্রকাশ হলো ইনসাফের প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক।
গত রোববার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে।
পোস্টারে এ অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে। এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে।
ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই…।’ পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।
তাসনিয়া ফারিণ ছোট পর্দায় পারি দিয়েছেন প্রায় আট বছর। ‘ফাতিমা’ নামের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় পা রাখেন তিনি। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে দেশের আগেই কলকাতার প্রেক্ষাগৃহে এ অভিনেত্রীর অভিষেক হয়। ‘আরও এক পৃথিবী’ নামের সে সিনেমার জন্য ভারতে পুরস্কৃত হন ফারিণ। এবারই প্রথম মূলধারার সিনিমায় কাজ করলেন তিনি।
পরিচালক সঞ্জয় সমাদ্দার জানালেন, ইনসাফ সিনেমায় তার চরিত্রের নাম জাহান। এ চরিত্রের জন্য ফারিণকে চূড়ান্ত করা প্রসঙ্গে সঞ্জয় গণমাধ্যমকে বললেন, ‘আমার একজন পরিণত অভিনয়শিল্পীর দরকার ছিল, যার আবার নায়িকা উপস্থাপন দর্শকের জন্য চমক হয়ে থাকবে। আমাদের দুজনের একসঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ছিল। সিনেমায়ও তার সিনসিয়ারিটির পরিচয় পেয়েছি। চরিত্রের প্রতিও সুবিচার করেছেন। আমরা এটা বলতে পারি, দর্শক নতুন ফারিণকে আবিষ্কার করবেন।’
সঞ্জয় জানালেন, ইনসাফ সিনেমায় ফারিণের চরিত্রের কয়েকটি স্তর রয়েছে, যা দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে। গত ঈদুল ফিতরে তিনি একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। কাজল আরেফিন পরিচালিত ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে সহশিল্পী ছিলেন অপূর্ব। কমেডি ও রোমান্টিক ধাঁচের সেই ওয়েব ফিল্মের জন্য প্রশংসিত হন ফারিণ। তখন তিনি বলেছিলেন, মূলধারার বাণিজ্যিক সিনেমার আগে হাউ সুইট ছিল একটা মহড়া।
এদিকে গত ২৫ এপ্রিল প্রকাশ হয় ইনসাফ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। তখন দেখা গিয়েছিল, হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’ সে পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৪ মে এ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশ হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে দেখা যায় এ কিংবদন্তি অভিনেতাকে। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ইনসাফ।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam