শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাফীর ‘আমলনামা’ আসছে ১৩ মার্চ

  |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

রাফীর ‘আমলনামা’ আসছে ১৩ মার্চ

রাফীর ‘আমলনামা’ আসছে ১৩ মার্চ

চরকি অরিজিনাল ফিল্ম আমলনামা। এটি এমন এক গল্প, যা সম্পর্কে প্রায় সবাই জানেন। কিন্তু এর রূঢ় দৃশ্য অদেখা। ফিকশনের আশ্রয় নিয়ে নির্মাতা রায়হান রাফী এবার সে অদেখা দৃশ্য ও অনুভূতি সবার সামনে আনার চেষ্টা করেছেন। আমলনামার অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। পোস্টারে সিনেমার চরিত্রের ছবি তো আছেই, তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। ধারণা করাই যায়, আমলনামার গল্পও এগিয়েছে সে পথেই।

৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানেও নানা ইঙ্গিত রয়েছে গল্পটির। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ’কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেসার আছে’। এছাড়া ট্রেলারে কিছু বাক্য ব্যবহার করা হয়েছে এমন, ’মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে, তাহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’

শুধু তাই নয়, ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন–‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলে প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’। কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেয়া হয়েছে লাইন দুটি।

কামরুজ্জামান কামু বলেন, ‘এ সিনেমায় অভিনয়ের অন্যতম কারণ হলো, আমার ও নির্মাতার ভাবনার মিল। রাফী যখন চরিত্রটির জন্য আমাকে বলেন, তখন ভেবে দেখলাম, যে কথা তিনি বলতে চান, সে কথা তো আমিও বলেছি, বলতে চাই। চরিত্রটি অনেক কিছু বলে এবং এটা বলা দরকার।’

আমলনামা ওয়েব সিনেমাটি নির্মাণ হয়েছে এমন ‘বলা দরকার’-এর তাগিদ থেকেই। যে তাগিদ অনুভব করেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে ও কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে এসেছিল।’

রাফীর মতে, এ ধরনের কাজ তিনি যখনই করতে গেছেন, যখনই সমাজকে প্রশ্ন করেছেন, সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন, তখনই কোনো না কোনো সমস্যা এসেছে সামনে। কিন্তু সেগুলো কখনই আটকাতে পারেনি রাফীকে। তিনি বলেন, ’আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা। আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ইনার ফিলিংটা ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শক সেটা দেখলেই বুঝতে পারবেন।’ এদিকে ট্রেলারে জানানো হয়েছে আমলনামা’র মুক্তির তারিখ। সিনেমাটি চরকিতে আসছে ১২ মার্চ রাত ১২টা ১ মিনিটে (১৩ মার্চ)। সিনেমায় ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। সিনেমায় তিনি একজন পুলিশ সদস্য।

তার স্ত্রী–এর চরিত্রে আছেন সারিকা সাবরিন। সিনেমায় আরেকটি পরিবারে দেখা যাবে কামরুজ্জামান কামু ও তমা মির্জাকে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com